Mamata Banerjee: মন খারাপ করবেন না… সূর্যাস্তের পর জিতবেন: মমতা
Mamata on Election Result: শুরুর দিকের গণনার ট্রেন্ড দেখে কোনও প্রার্থী যাতে বিচলিত না হন, সেই বার্তা আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। এবার গণনা শুরু হওয়ার পর আবারও সেই বার্তা দিলেন।

সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিয়ো বার্তা দিয়েছেন। তিনি তৃণমূল প্রার্থীদের আশ্বস্ত করেছেন, পাশাপাশি ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
ঠিক কী বললেন মমতা?
হাত জোড় করে মমতা বলেন, “ক্যান্ডিডেটরা ও এজেন্টরা এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুম, যেখানে কাউন্টিং হচ্ছে, সেটা ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আগেই বলেছিলাম, প্রথম ২-৩ রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে। ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারদিকে তৃণমূলের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে।” মমতার আরও অভিযোগ, এসআইআরে নাম কেটে কার্যত ভোট লুঠ করেছে বিজেপি। যে সব জায়গায় তৃণমূলের জেতার সম্ভাবনা ছিল, সেখানে নাম বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
বিদায়ী মুখ্যমন্ত্রীর দাবি, এখনও এমন ৭০ থেকে ১০০ টা সিট আছে, যেগুলোতে তৃণমূল এগিয়ে আছে, কিন্তু সেই ফল প্রকাশ করা হচ্ছে না। ‘পুরোটাই খাওয়াচ্ছে’বলে মন্তব্য করেন তিনি।
কর্মী তথা প্রার্থীদের উদ্দেশে মমতা বলেন, “অত মন খারাপ করার কারণ নেই। বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন। আপনারা কেউ ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি।”
