NRS Nurse Death: কোন ওষুধের তিনটি ভায়াল নিয়ে শৌচালয়ে যান? NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য
NRS Nurse Death: ১০ মাস আগে ওই নার্সের বিয়ে হয়। তিনি মেদিনীপুরের বাসিন্দা। তবে স্বামীর সঙ্গে দমদমে থাকতেন তিনি। নার্স স্নাতকোত্তর পাশ। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। রাত আটটায় তিনি হাসপাতালে কাজে যোগ দেন।

কলকাতা: NRS-এর শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে,নার্সিং স্টেশনে কাজে যোগ দেওয়ার পর ফেন্টানিলের তিনটি ভায়াল নিয়ে শৌচালয়ে চলে যান ওই নার্স। রাত সাড়ে ১০টা নাগাদ দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে দেখা যায়, নার্সের শরীরে কোনও প্রাণ নেই। পুলিশ দেহ উদ্ধার করে তারপর ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
কেন ফেন্টানিল নিয়ে শৌচালয়ে ঢুকেছিলেন তিনি? আদৌ তাঁকে তা নিয়ে ঢুকতে কি কেউ দেখেছিলেন? উল্লেখ্য, ফেন্টানিল অত্যন্ত শক্তিশালী সিনথেটিক ওপিওড ওষুধ, যা মরফিনের চেয়ে প্রায় ৫০ থেকে ১০০ গুণ এবং হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী। এটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়। চিকিৎসাক্ষেত্রে তীব্র ব্যথা কমানোর জন্য এবং অস্ত্রোপচারের সময় অবশ করার কাজে এটি ব্যবহার করা হয়। কেন তিনি এই ওষুধ নিয়ে শৌচালয়ে ঢুকেছিলেন, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা যাচ্ছে, ১০ মাস আগে ওই নার্সের বিয়ে হয়। তিনি মেদিনীপুরের বাসিন্দা। তবে স্বামীর সঙ্গে দমদমে থাকতেন তিনি। নার্স স্নাতকোত্তর পাশ। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। রাত আটটায় তিনি হাসপাতালে কাজে যোগ দেন। সহকর্মীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ১০.২০ থেকে ১০.২৭ এর মধ্যে ওই নার্স বাথরুমে গিয়েছিলেন। দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় কর্মীরা পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভাঙে।
এই ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ক্রাইম সিন অর্থাৎ শৌচালয় সিল করে দেওয়া হয়েছে। অ্যাডিশনাল সিপি গোটা বিষয়টি এসে খতিয়ে দেখেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী। রয়েছে হোমিসাইড শাখা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।
