AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Candidate List: তৃণমূলের তিন জেল খাটা বিধায়ক কি এবার টিকিট পাচ্ছেন?

TMC: অনেক সার্ভে করার পর এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, প্রার্থী তালিকার ক্ষেত্রে এবার স্বচ্ছতার উপর জোর দেওয়া হতে পারে। ২০২১-এর নির্বাচনের পর নানা দুর্নীতিতে জড়িয়েছে একাধিক বিধায়কের নাম। কেউ কেউ জেলও খেটেছেন। তাঁদের টিকিট দেওয়া হবে কি না, সেটা এবার বড় প্রশ্ন।

TMC Candidate List: তৃণমূলের তিন জেল খাটা বিধায়ক কি এবার টিকিট পাচ্ছেন?
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 20, 2026 | 2:35 PM
Share

কলকাতা: তৃণমূল শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় বৈঠক করছেন। প্রার্থীদের নামের তালিকা প্রস্তুত করতে সেই বৈঠকে থাকছেন আইপ্যাক কর্তা প্রতীক জৈনও। নতুন কিছু চমক অপেক্ষা করছে কি না, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। শুধু নতুন প্রার্থীর চমক নয়, চমক থাকতে পারে বাদের তালিকাতেও।

তৃণমূল সূত্রে ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে এক ছাত্রনেতার নাম নিয়ে আলোচনা চলছে। নাম থাকতে পারে জনৈক সঙ্গীতশিল্পীর। সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীকেও টিকিট দিতে পারে তৃণমূল। তবে পারফরম্যান্স, বয়স ও অসুস্থতার কারণে কয়েকজনের নাম বাদ পড়তে পারে বলে শোনা যাচ্ছে। বর্ষীয়ান হেভিওয়েট এক মন্ত্রীর বিধানসভা আসন পরিবর্তন হতে পারে, এই নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে।

অনেক সার্ভে করার পর এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, প্রার্থী তালিকার ক্ষেত্রে এবার স্বচ্ছতার উপর জোর দেওয়া হতে পারে। ২০২১-এর নির্বাচনের পর নানা দুর্নীতিতে জড়িয়েছে একাধিক বিধায়কের নাম। কেউ কেউ জেলও খেটেছেন। তাঁদের টিকিট দেওয়া হবে কি না, সেটা এবার বড় প্রশ্ন।

শোনা যাচ্ছে, জেল খেটেছেন এমন অন্তত তিনজন বিধায়কের নাম প্রার্থী তালিকায় নাও থাকতে পারে। একজন জেলখাটা বিধায়কের কেন্দ্র বদল হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে। নামগুলি এখনও স্পষ্ট নয়, তবে জল্পনা রয়ে যাচ্ছে। গত বিধানসভা নির্বাচনের পর দুর্নীতির দায়ে জেল খেটেছেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য। আর এক বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নাম সরাসরি দুর্নীতির অভিযোগে না জড়ালেও, তাঁর মেয়ে অঙ্কিতার চাকরিতে বেনিয়মের অভিযোগ ওঠে। সব মিলিয়ে অন্তত ৬ বিধায়কের নাম বাদ পড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।