AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: SIR মামলায় সওয়াল করবেন ‘উকিল’ মমতা? আজ সব নজর সুপ্রিম কোর্টে

Mamata Banerjee in Supreme Court: তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মমতার সওয়াল করার সম্ভাবনা বেড়েছে। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে। যে ছবিতে দেখা যাচ্ছে, পরনে নীল পাড়-সাদা শাড়ি। আইনজীবীর কালো কোট পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি দিয়ে উঠছেন এক মহিলা। ছবির সঙ্গে লেখা রয়েছে, 'ঐতিহাসিক। SIR-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।'

Mamata Banerjee: SIR মামলায় সওয়াল করবেন 'উকিল' মমতা? আজ সব নজর সুপ্রিম কোর্টে
এসআইআর মামলায় বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 8:27 AM
Share

নয়াদিল্লি ও কলকাতা: সম্ভাবনাই কি বাস্তব হতে চলেছে? এসআইআর মামলায় বুধবার কি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন ‘উকিল’ মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার রাতে সেই সম্ভাবনাই উস্কে দিল সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট। যেখানে বলা হয়েছে, ‘ঐতিহাসিক। SIR-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।’ ছবিটি শেয়ার করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও।

এসআইআর নিয়ে প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বলে কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপর সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন একটি মামলা করেছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ২১ নম্বরে রয়েছে ওই মামলা। আবার এই বিষয়ে মমতার দাখিল করা পিটিশন প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় রয়েছে ৩৭ নম্বরে। কবি জয় গোস্বামীর মামলা শুনানির তালিকায় ৩৬ নম্বরে রয়েছে। সব মামলার শুনানি একসঙ্গে হওয়ার কথা।

বুধবার মমতার সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে সিকিউরিটি ক্লিয়ারেন্স চাওয়া হয়। সেই সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, বুধবার শুনানিতে মমতার উপস্থিতি একপ্রকার নিশ্চিত। তিনি শীর্ষ আদালতে সওয়াল করবেন কি না, তা নিয়ে গতকাল থেকেই জল্পনা চলছে। গতকাল এই নিয়ে একটি প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন স্বয়ং মমতা।

তবে রাতে তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মমতার সওয়াল করার সম্ভাবনা বেড়েছে। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে। যে ছবিতে দেখা যাচ্ছে, পরনে নীল পাড়-সাদা শাড়ি। আইনজীবীর কালো কোট পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি দিয়ে উঠছেন এক মহিলা। ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘ঐতিহাসিক। SIR-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।’ ছবির উপরে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিজেপির আছে মিথ্যে মামলার জাল, জনগণের উকিল হয়ে দিদিই সামলাচ্ছেন বাংলার হাল।’

ছবিটি শেয়ার করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উপরে ক্যাপশনে লিখেছেন, ‘জয় বাংলা।’ এর আগে কুণাল বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করেছেন।” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুপ্রিম কোর্টে কালো গাউন পরে সওয়াল করবেন বলে মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর কটাক্ষ, আবার নাটক করবেন। সবমিলিয়ে সুপ্রিম কোর্টে ‘উকিল’ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কি না, তা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হতে চলেছে।