AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: SIR নিয়ে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করবেন মমতা? মিলল বড় ইঙ্গিত

SIR Case in Supreme Court: এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছেন। তবে ঘণ্টা খানেকের বেশি পর নির্বাচন সদন থেকে বেরিয়ে মমতা বলেন, তাঁদের অপমান, অসম্মান করা হয়েছে। তাই বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন। এই আবহে আগামিকাল আবেদনকারী হিসেবে শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী যে উপস্থিত থাকবেন, তা এই সিকিউরিটি ক্লিয়ারেন্সের আবেদনেই স্পষ্ট।

Mamata Banerjee: SIR নিয়ে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করবেন মমতা? মিলল বড় ইঙ্গিত
বুধবার এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 3:57 PM
Share

কলকাতা ও নয়াদিল্লি: এসআইআর মামলায় প্রয়োজনে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন তিনি। কয়েকদিন আগে নিজেই জানিয়েছিলেন। সেটাই কি হতে চলেছে বুধবার? SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই সম্ভাবনার ইঙ্গিত মিলল। বুধবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার জন‍্য সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে সিকিউরিটি ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে। পিটিশনার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারবেন। কিন্তু তাঁর নিরাপত্তার জন‍্য কতজন যাবেন, সে বিষয়ে সিকিউরিটি ক্লিয়ারেন্সের আবেদন করা হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে খবর।

সুপ্রিম কোর্টে কি মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে পারেন? নিয়ম বলছে, সুপ্রিম কোর্টের নথিভুক্ত কোনও আইনজীবী মামলায় সওয়াল করতে পারেন। কিংবা কোনও মামলার আবেদনকারী নিজে সওয়াল করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রথম সম্ভাবনা নেই। কারণ, তিনি সুপ্রিম কোর্টের নথিভুক্ত আইনজীবী নন। কিন্তু, কয়েকদিন আগেই এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও দফতরের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন তিনি।

ওয়াকিবহাল মহল বলছে, বুধবার রাজ্যের এসআইআর মামলার ক্ষেত্রে একজন আবেদনকারী হিসেবে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন। তবে এখনও এই নিয়ে তৃণমূল কিংবা রাজ্য প্রশাসনের তরফে কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। কিন্তু, শীর্ষ আদালতের রেজিস্ট্রারের কাছে সিকিউরিটি ক্লিয়ারেন্সের আবেদন করায়, নতুন করে জল্পনা বেড়েছে।

এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন মমতা। গতকাল নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছেন। তবে ঘণ্টা খানেকের বেশি পর নির্বাচন সদন থেকে বেরিয়ে মমতা বলেন, তাঁদের অপমান, অসম্মান করা হয়েছে। তাই বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন। এই আবহে আগামিকাল আবেদনকারী হিসেবে শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী যে উপস্থিত থাকবেন, তা এই সিকিউরিটি ক্লিয়ারেন্সের আবেদনেই স্পষ্ট। এখন তিনি একজন আবেদনকারী হিসেবে শীর্ষ আদালতে সওয়াল করেন কি না, সেটাই দেখার। তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নিয়ে কিছু বলতে চাননি মমতা।