AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basundhara Goswami: তিনি তৃণমূলে, বোন গেলেন বিজেপিতে, কী বলছেন ক্ষিতি-কন্যা বসুন্ধরা?

Basundhara Goswami on her sister's BJP Joining: বোনের বিজেপিতে যোগদান নিয়ে তাঁর সঙ্গে কি কথা হয়েছিল? বোনের সঙ্গে তাঁর সম্পর্ক 'মধুর' নয় বলে স্বীকার করে নিলেন বসুন্ধরা। তিনি বলেন, "আমরা সহোদরা বটে। কিন্তু, আমার সঙ্গে খুব একটা সদ্ভাব নেই। তাই, আলোচনার কোনও প্রশ্নই নেই। আমার মা-ও জানতেন না।”

Basundhara Goswami: তিনি তৃণমূলে, বোন গেলেন বিজেপিতে, কী বলছেন ক্ষিতি-কন্যা বসুন্ধরা?
কস্তুরী গোস্বামীর বিজেপিতে যোগদান নিয়ে কী বললেন বসুন্ধরা গোস্বামী?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 17, 2026 | 6:59 PM
Share

কলকাতা: বাম পরিবারে তাঁদের বেড়ে ওঠা। বাম আমলে বাবা ছিলেন রাজ্যের মন্ত্রী। আরএসপির প্রয়াত নেতা ক্ষিতি গোস্বামীর দুই মেয়ের আজ রাজনৈতিক পথ দুটি দিকে বাঁক নিয়েছে। ক্ষিতি গোস্বামীর এক মেয়ে বসুন্ধরা গোস্বামী বছর পাঁচেক আগে তৃণমূল যোগ দিয়েছেন। এখন তিনি কলকাতা পৌরনিগমের কাউন্সিলর। আর ক্ষিতির আর এক মেয়ে কস্তুরী গোস্বামী মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন। বোনের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কী বললেন বসুন্ধরা? আর বাম পরিবারের বেড়ে ওঠা কস্তুরীও বিজেপিতে যোগ দিয়ে কী বললেন?

২০১৯ সালে প্রয়াত হয়েছেন ক্ষিতি গোস্বামী। ২০২১ সালে তৃণমূলে যোগ দেন বসুন্ধরা। এদিন কস্তুরীর বিজেপিতে যোগদান নিয়ে তাঁর দিদি বলেন, “এই নিয়ে আমার কিছু বলার নেই। হয়ত কোনও রাজনৈতিক লক্ষ্য ছিল, সেটা পূরণ করার জন্য এরকম পদক্ষেপ করেছে। এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। কোন দলকে কে পছন্দ করবে, আমি কী করে বলব?”

বোনের বিজেপিতে যোগদান নিয়ে তাঁর সঙ্গে কি কথা হয়েছিল? বোনের সঙ্গে তাঁর সম্পর্ক ‘মধুর’ নয় বলে স্বীকার করে নিলেন বসুন্ধরা। তিনি বলেন, “আমরা সহোদরা বটে। কিন্তু, আমার সঙ্গে খুব একটা সদ্ভাব নেই। তাই, আলোচনার কোনও প্রশ্নই নেই। আমার মা-ও জানতেন না।”

বিজেপিতে যোগদান করে কি বাবার ভাবধারা থেকে সরে এলেন? এদিন প্রশ্নের মুখে পড়েন কস্তুরী। তার জবাবে তিনি বলেন, “একেবারে বাবার ভাবধারাতেই আমি রয়েছি। আমার বাবা চিরকাল প্রতিবাদী ছিলেন। কাজ করার সময় এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে। আওয়াজ তোলার প্রয়োজন হয়েছে। বিরোধিতা করার প্রয়োজন হয়েছে। আমি একেবারেই মনে করি, আমি তাঁর উত্তরসূরি। এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আওয়াজ তোলা প্রয়োজন। প্রতিবাদ প্রয়োজন। শাসককে চিনিয়ে দেওয়া প্রয়োজন, কোথায় তার ভুল হচ্ছে।” একইসঙ্গে তাঁর বক্তব্য, অনেকেই বাম ছাড়ছেন। প্রতিবাদ করতে গেলে ভারতীয় বাঙালি হিসাবে বিজেপিই দরকার।