Swasthya Sathi: আয়ুষ্মান ভারত চালু হলেও বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথী? বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
Sharadwat Mukherjee on Swasthya Sathi: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৬ অগস্ট দিনটিকে 'আয়ুষ্মান দিবস' হিসেবে ঘোষণা করেছেন। সেই বিশেষ দিনেই রাজ্যজুড়ে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। শুক্রবার স্বাস্থ্য ভবনে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা। ওই অনুষ্ঠানেই স্বাস্থ্যসাথী নিয়ে ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী।

কলকাতা: রাজ্যজুড়ে ১৬ অগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)। ওই একইদিনে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনাও। ঘোষণা করে দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। দুই প্রকল্পেই পাঁচ লক্ষ ক্যাশলেস পরিষেবা দেওয়া হবে। তবে, একটা প্রশ্ন বারবার উঠছে বিগত সরকারের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? এবার তাও স্পষ্ট করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী।
কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
স্বাস্থ্যসাথী প্রকল্প এখনই বন্ধ হচ্ছে না। আশ্বস্ত করেছেন শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, “আগামী দুই-তিম মাস ‘স্বাস্থ্যসাথী’, ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’, তিনটি প্রকল্পই একসঙ্গে চলবে। উপভোক্তারা যখন ধাপে ধাপে নতুন দুই প্রকল্পে সম্পূর্ণ স্থানান্তরিত হয়ে যাবেন এবং কোনও পরিষেবায় অসুবিধা থাকবে না, তখনই ধীরে ধীরে স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৬ অগস্ট দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। সেই বিশেষ দিনেই রাজ্যজুড়ে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। শুক্রবার স্বাস্থ্য ভবনে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা।
আয়ুষ্মান ভারত প্রকল্পে কী কী সুবিধা মিলবে, সেই বিষয়েও বিস্তারিত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
- ৫ লক্ষ টাকার ক্যাশলেস পরিষেবা: প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই।
- পুরোনো রোগের কভারেজ : কোনও রোগী আগে থেকেই কোনও জটিল রোগে আক্রান্ত থাকলেও প্রথম দিন থেকেই চিকিৎসার যাবতীয় খরচ এই প্রকল্পের আওতায় থাকবে।
- ভর্তির আগের ও পরের খরচ: হাসপাতালে ভর্তির ৩ দিন আগে থেকে শুরু করে ছুটি পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধপত্র, স্বাস্থ্য পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচ এই প্রকল্পে বহন করা হবে।
- শুধু আধার কার্ডেই মিলবে সুবিধা: হাসপাতালে গিয়ে আলাদা কার্ড নিয়ে হয়রানি হতে হবে না। হাসপাতালে থাকা নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ড দিলেই তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন হয়ে যাবে।
- দেশজুড়ে চিকিৎসার সুযোগ: পরিযায়ী শ্রমিক বা ভ্রমণের সময় অসুস্থ হলে পশ্চিমবঙ্গের নাগরিকরা শুধু রাজ্যেই নয়, দেশের যে কোনও প্রান্তে থাকা ৪০ হাজারেরও বেশি অনুমোদিত হাসপাতালে এই সুবিধা পাবেন।
