AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hypnic Jerk: ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে কেন? এটা কি কোনও রোগ?

Are Hypnic Jerks Normal: অনেক বিজ্ঞানীদের মতে, এটি আমাদের প্রাচীন পূর্বপুরুষদের থেকে পাওয়া বৈশিষ্ঠ্য। গাছের ডালে ঘুমানোর সময় আদিম মানুষেরা যাতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে না যায়, সেজন্য কোনো সুপ্ত বিপদের আভাস পেলে শরীর সজাগ হয়ে যাওয়ার জন্য এই জৈবিক সুরক্ষা ব্যবস্থাটি তৈরি হয়েছিল।

Hypnic Jerk: ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে কেন? এটা কি কোনও রোগ?
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Nov 16, 2026 | 1:36 PM
Share

ঘুমের মধ্যে হঠাৎ শরীরে তীব্র ঝাঁকুনি দেয়, ঘুম ভেঙে যায়। এই অভিজ্ঞতা কমবেশি অনেকেরই হয়েছে। কিন্তু কেন এটা হয়, তার উত্তর অনেকেরই জানা নেই। অনেকে আবার ভয়ও পেয়ে যান, ভাবেন যে শরীরে কোনও রোগ বাসা বাঁধেনি তো? কেন ঘুমের মধ্যে এমন ঝাঁকুনি হয়?

ঘুমের মধ্যে ঝাঁকুনি হওয়ার এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘হিপনিক জার্ক’ (Hypnic Jerk) বা ‘স্লিপ স্টার্ট’ (Sleep Start)। এটি এক ধরণের অনিচ্ছাকৃত মাংসপেশীর সংকোচন (involuntary muscle twitch)।

 কেন হিপনিক জার্ক হয়? 

হিপনিক জার্ক কেন ঠিক ঘটে, তার সুনির্দিষ্ট কোনও কারণ চিকিৎসকদের কাছে  নেই। এর ব্যাখ্যাও একশো ভাগ প্রমাণিত নয়। তবে এর পেছনে বেশ কিছু স্নায়ুগত বা নিউরোলজিক্যাল ও শারীরিক কারণ রয়েছে:

মস্তিষ্কের সিগন্যাল বিভ্রাট: আমাদের শরীর যখন জেগে থাকা থেকে ধীরে ধীরে গভীর ঘুমের  দিকে যেতে থাকে, তখন আমাদের শরীর শিথিল হতে শুরু করে এবং হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে আসে। এই সময় মস্তিষ্ক অনেক সময় ভুল সঙ্কেত দেয় যে শরীর বুঝি পড়ে যাচ্ছে। ফলে ভারসাম্য রক্ষা করার জন্য মস্তিষ্ক হঠাৎ করে মাংসপেশীগুলোকে সজাগ করে তোলার জন্য একটি আকস্মিক টেস্টিং সিগন্যাল বা নির্দেশ পাঠিয়ে দেয়, যা ঝাঁকুনির রূপ নেয়।

আবার অনেক বিজ্ঞানীদের মতে, এটি আমাদের প্রাচীন পূর্বপুরুষদের থেকে পাওয়া বৈশিষ্ঠ্য। গাছের ডালে ঘুমানোর সময় আদিম মানুষেরা যাতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে না যায়, সেজন্য কোনো সুপ্ত বিপদের আভাস পেলে শরীর সজাগ হয়ে যাওয়ার জন্য এই জৈবিক সুরক্ষা ব্যবস্থাটি তৈরি হয়েছিল। সেটি এখনও মানুষের শরীরে রয়ে গিয়েছে।

কী কারণে বারবার ঘুমের মধ্যে ঝাঁকুনি হয়?

কিছু দৈনন্দিন অভ্যাস বা শারীরিক পরিস্থিতি হিপনিক জার্কের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। এগুলি হল-

  • অতিরিক্ত ক্যাফেন বা এনার্জি ড্রিঙ্ক:  ঘুমানোর ঠিক আগে চা, কফি বা অতিরিক্ত ক্যাফেন যুক্ত পানীয় পান করলে স্নায়ুতন্ত্র অতিরিক্ত উদ্দীপিত থাকে। এর ফলে ঘুম আসতে দেরি হয় এবং হিপনিক জার্কের সম্ভাবনাও বেশি থাকে।
  • মানসিক চাপ ও উদ্বেগ: অতিরিক্ত কাজের চাপ, দুশ্চিন্তা বা নার্ভাসনেস থাকলে ঘুম সহজে গভীর হতে চায় না, ফলে এই ধরণের ঝাঁকুনি বেশি হয়।
  • ক্লান্তি ও অনিয়মিত ঘুমের রুটিন: শরীর চরম ক্লান্ত থাকা সত্ত্বেও যদি ঘুমের অনিয়ম হয়, তবে শরীর ও মস্তিষ্কের ট্রানজিশন ফেজ ব্যাহত হয়। তখন ঘুমিয়ে পড়লেই হঠাৎ ঝাঁকুনি অনুভূত হয়।
  • শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ: সন্ধ্যার পরে অতিরিক্ত ভারী ব্যায়াম করলে স্নায়ু সচল থাকে, যার জেরে ঘুমের শুরুতে ঝাঁকুনি অনুভব হতে পারে।

 এটি কি কোনও রোগের লক্ষণ?

অধিকাংশ ক্ষেত্রেই হিপনিক জার্ক সম্পূর্ণ স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া। এটি কোনও বড় অসুস্থতা বা স্নায়ুর জটিল রোগের লক্ষণ নয়। মাঝে মধ্যে সবারই এটি হতে পারে। তবে যদি মনে হয় হিপনিক জার্কের কারণে  একেবারেই ঘুম হচ্ছে না বা অত্যন্ত বেশি মাত্রায় ঘুমে ঝাঁকুনি অনুভূত হচ্ছে, তবে জীবনযাত্রায় পরিবর্তন করে  স্ট্রেস কমানো উচিত।

Follow Us