El Classico, Barcelona vs Real Madrid : টানা দু’বার লা-লিগা জয়, এল ক্লাসিকোতে মাদ্রিদকে উড়িয়ে দিল বার্সা!
El Classico : ম্যাচ শুরুর আগে খবর আসে, প্রয়াত হয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের বাবা। ম্যাচ শুরুর সময় তাঁকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন হয়। খেলোয়াড়রা নেমেছিলেন কালো আর্মব্যান্ড পরে। তবে পিতৃবিয়োগের কয়েক ঘন্টার মধ্যেই বার্সেলোনাকে লা লিগা ট্রফি দিলেন এই জার্মান কোচ। এই জয়ের ফলে এই নিয়ে পরপর দুইবার লা লিগা জিতল বার্সেলোনা।

বার্সেলোনা – ২ (রাশফোর্ড, ফেরান তোরেস) : রিয়াল মাদ্রিদ – ০
কলকাতা : প্রত্যাশা ছিলই, এবার সেই প্রত্যাশা পূরণ করলেন বার্সা ফুটবলাররা (FC Barcelona) । চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজন ছিল স্রেফ ১ পয়েন্টের। ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়ন হত বার্সেলোনা। কিন্তু সোমবার মধ্যরাতে যেন ড্র নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নেমেছিল হ্যান্সি ফ্লিকের ছেলেরা। আর সেই একই দাপট দেখা গেল ম্যাচের মধ্যেও। প্রায় গোটা ম্যাচ জুড়েই একাধিপত্য দেখিয়ে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) ২-০ উড়িয়ে দিল বার্সেলোনা। এর ফলে নিশ্চিত হয়ে গেল তাদের লা লিগা জয় (La Liga champion)। বাকি ৩ ম্যাচের সবকটিতে বার্সা হারলেও তারা চ্যাম্পিয়নই থাকবে।
ক্যাম্প ন্যু-তে ম্যাচ শুরুর মাত্র ৯ মিনিটের মধ্যেই প্রথম গোল করে বার্সেলোনা। বক্সের বাইরে ফাউল করেন মাদ্রিদ ডিফেন্ডার রুডিগার (Antonio Rüdiger)। জোরালো শটে ফ্রি-কিক থেকেই সরাসরি বল জালে জড়িয়ে দেন মার্কাস রাশফোর্ড (Marcus Rashford)। অতীতে ২০১২ সালের ক্লাসিকোতে শেষবার সরাসরি ফ্রি-কিকে গোল করেছিলেন লিওনেল মেসি। রাশফোর্ডের এই গোল সেই ১৪ বছরের খরা কাটাল। এরপর আবার ১৮ মিনিটে দুরন্ত গোল করেন ফেরান তোরেস। ড্যানি অলমোর পাস থেকে বল পেয়ে গোল করে দলকে ২-০ এগিয়ে দেন তোরেস। এরপরে দুই দলই প্রচুর সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। ৬৩ মিনিটে রিয়ালের হয়ে জ্যুড বেলিংহ্যাম গোল করলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়। ম্যাচ শেষ হওয়া অবধি এই স্কোরই বজায় থাকে। ২-০ জিতে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
ম্যাচ শুরুর আগে খবর আসে, প্রয়াত হয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের বাবা। ম্যাচ শুরুর সময় তাঁকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন হয়। খেলোয়াড়রা নেমেছিলেন কালো আর্মব্যান্ড পরে। তবে পিতৃবিয়োগের কয়েক ঘন্টার মধ্যেই বার্সেলোনাকে লা লিগা ট্রফি দিলেন এই জার্মান কোচ। এই জয়ের ফলে এই নিয়ে পরপর দুইবার লা লিগা জিতল বার্সেলোনা। ২০২৪-২৫ ও ২০২৫-২৬, টানা লা লিগার শিরোপা রইল বার্সার হাতে। এরফলে ২৯তম লা লিগা চ্যাম্পিয়ন হল এই কাতালান ক্লাবটি। বার্সেলোনার বাকি থাকা ৩ ম্যাচও যদি তারা জিততে পারে, তাহলে ১০০ পয়েন্ট পেয়ে লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার এক অনন্য রেকর্ড গড়বেন পেড্রি-লেওয়ানডস্কিরা।
