Angkrish Raghuvanshi incident : বিতর্কিত আউট হয়ে রাগপ্রকাশ অঙ্গকৃষের,বিশাল অংকের শাস্তি তাঁর!
LSG vs KKR : গতকাল লখনৌয়ের বিরুদ্ধে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' এর আওতায় এনে আউট করে দেওয়া হয় তাঁকে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। ব্যাট দিয়ে সজোরে বিজ্ঞাপনী বাউন্ডারি লাইনে ধাক্কা দেন তিনি। এরপরেই তাঁকে ড্রেসিংরুমে ঢুকে দেখা যায় হেলমেট ছুঁড়ে ফেলে দিতে।

কলকাতা : যার আশঙ্কা ছিল, তাই হল। গতকাল আউট হওয়ার পর অঙ্গকৃষ রঘুবংশীকে জরিমানা করল আইপিএল কমিটি। শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে তাঁকে, জানানো হয়েছে আইপিএল থেকে। ম্যাচ চলাকালীন আউট হওয়ার পর যেভাবে তিনি মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন, তা ভাল লাগেনি অনেকেরই। এরপরই আশঙ্কা করা হয়েছিল, জরিমানা দিতে হতে পারে অঙ্গকৃষকে। সেই খবরই সত্যি হয়েছে। জরিমানা দেওয়ার সঙ্গে তাঁর নামে ১ ডিমেরিট পয়েন্টের অন্তর্ভুক্ত করা হয়েছে।
গতকাল লখনৌয়ের বিরুদ্ধে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ এর আওতায় আউট হয়ে যান তিনি। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। ব্যাট দিয়ে সজোরে বিজ্ঞাপনী বাউন্ডারি লাইনে ধাক্কা দেন তিনি। এরপরেই তাঁকে ড্রেসিংরুমে ঢুকে দেখা যায় হেলমেট ছুঁড়ে ফেলে দিতে। এমনকি আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে দেখা কেকেআর কোচ অভিষেক নায়ারকে। এই ঘটনায় যারপরনাই অসন্তুষ্ট ম্যাচ রেফারি। তিনিই এই শাস্তি দেন। আইপিএলের আচরণবিধির অধীনে লেভেল ১ অপরাধে অঙ্গকৃষকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তি স্বরূপ, তাঁকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এলএসজির বিরুদ্ধে ৮ বলে ৯ রান করার পর বিতর্কিত ভাবে আউট হন তিনি।
এই আইপিএলে অনেকের সঙ্গেই এই জরিমানার ঘটনা ঘটেছে। একদিকে যেমন অধিনায়করা স্লো-ওভার রেটের জন্য জরিমানা দিয়েছেন, তেমনই বেশ কিছু ক্রিকেটারও জরিমানা দিয়েছেন। এঁরা হলেন, টিম ডেভিড, অভিষেক শর্মা, নীতিশ রানা, নান্দ্রে বার্গার। এঁদের সবারই ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে ও ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
কিন্তু এরপরেও ম্যাচ জিতেছে কলকাতা। সৌজন্যে রিঙ্কু সিং। ৫১ বলে ৮৩ রান করেছেন রিঙ্কু। সুপার ওভারেও মাত্র ১ রানের মধ্যেই লখনৌকে আটকে দেন সুনীল নারিন। এরপরে আর ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি নাইটদের।
