Virat Kohli: কতটা ফিট বিরাট কোহলি? রবিবারের মেগা ডুয়েলের আগে বড় আপডেট দিলেন কোচ
IND vs ENG, ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ভারত। রবিবার দুপুরে কটকে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেখানে কি খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে?

কলকাতা: কটক ম্যাচের আগে যে প্রশ্নটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে, তা হল কেমন আছেন বিরাট কোহলি? হাঁটুর চোটের কারণে নাগপুরে জস বাটলারদের বিরুদ্ধে খেলতে পারেননি বিরাট। এরপর থেকে তাঁর অনুরাগীরা ভাবছিলেন সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁকে দেখা যাবে কিনা। এ বার কোহলিকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট। ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, কেমন আছেন কিং কোহলি। রবিবারের মেগা ডুয়েলের আগে আর কী কী বললেন তিনি?
ভারতীয় টিমের ব্যাটিং কোচ সীতাংশু ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বলেছেন, ‘বিরাট কোহলি ফিট। এবং ও প্র্যাক্টিস করছে। ভালো কিছুই হবে আশা করছি।’ কোহলি একাদশে ফেরা মানে প্রথম ম্যাচে যে ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছিল, তাঁদের থেকে কোনও একজন বাদ পড়বেন।
এর আগে নাগপুর ম্যাচের শেষে ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার জানিয়েছিলেন, তিনি জানতেন বাটলারদের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর খেলা হবে না। কিন্তু ম্যাচের আগের দিন রাতে রোহিতের থেকে অনাকাঙ্খিত ফোন পান শ্রেয়স। সেই সময় শ্রেয়সকে ভারত অধিনায়ক রোহিত জানান, বিরাটের হাঁটু ফুলেছে। ফলে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে খেলতে হতে পারে। এই প্রসঙ্গে ভারতের ব্যাটিং কোচের সামনে প্রশ্ন রাখা হয়েছিল শ্রেয়সকে নিয়ে। সীতাংশু বলেন, ‘আসলে শেষ ওডিআই ম্যাচের একাদশে শ্রেয়স আইয়ার ছিল না। হেড কোচ ও ক্যাপ্টেন এ বিষয়ে উত্তর দিতে পারবেন।’
বিরাট দ্বিতীয় ওডিআইতে ফিরলে যশস্বী বা শ্রেয়সের মধ্যে কে বাদ পড়বেন? এই প্রশ্নের উত্তরে সীতাংশু কোটাক বলেন, ‘এটা ক্যাপ্টেন ও কোচের সিদ্ধান্ত। আমি এটার উত্তর দিতে পারব না।’রোহিত শর্মার ফর্ম নিয়ে প্রবল কথাবার্তা হচ্ছে। সীতাংশু কোটাককেও ভারত অধিনায়ক সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তিনি বলেন, ‘আমার মনে হয় রোহিত শর্মার কোনও সমস্যা আছে। এই ফর্ম্যাটে প্রথম ম্যাচের আগেও ও ভালো খেলেছে। হ্যাঁ এটা ঠিক যে অস্ট্রেলিয়ায় ও সমস্যায় পড়েছে। কিন্তু শেষ ওডিআই সিরিজে রান পেয়েছিল।’
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচ, দুপুর -১.৩০ মিনিট, ওড়িশার বারাবাতি স্টেডিয়াম
