IPL 2026, MI vs LSG : এবার আইপিএলের মঞ্চেও ‘জয় শ্রী রাম’, অভাবনীয় কান্ড রঘুর!
Raghu Sharma : আইপিএলে অতীতে নেট বোলার থাকলেও কোনওদিন আইপিএল ম্যাচ খেলেননি রঘু। ২০১৩ সালে চেন্নাইয়ে ছিলেন নেট বোলার হিসেবে। ২০২৫ সালে তাঁকে নেট বোলার হিসেবে দলে নিয়েছিল মুম্বই। এই বার ভিগনেশ পুথুরের বদলে তাঁকে দলে নেয় মুম্বই।

কলকাতা : গতকাল পশ্চিমবঙ্গে ভোটের (West Bengal Election Result) রেজাল্টের পরেই বদলে গিয়েছে মসনদের মালিক। ২০০র বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে এসেছে বিজেপি (BJP)। এবার আইপিএলেও মুম্বইতে শোনা গেল ‘জয় শ্রী রাম’ ধ্বনি। ক্রেডিট ? মুম্বইয়ের বোলার রঘু শর্মার (Raghu Sharma)। আইপিএলের মঞ্চে প্রথম উইকেট নিয়ে অভিনব সেলিব্রেশন করলেন রঘু। ১৫ বছরের অপেক্ষা এবার মিটল, এমনই আশা মুম্বইয়ের (Mumbai Indians) বোলারের।
আইপিএলে অতীতে নেট বোলার থাকলেও কোনওদিন আইপিএল ম্যাচ খেলেননি রঘু। ২০১৩ সালে চেন্নাইয়ে ছিলেন নেট বোলার হিসেবে। ২০২৫ সালে তাঁকে নেট বোলার হিসেবে দলে নিয়েছিল মুম্বই। এই বার ভিগনেশ পুথুরের বদলে তাঁকে দলে নেয় মুম্বই। গতকাল লখনৌয়ের বিরুদ্ধে নিজের দ্বিতীয় ম্যাচেই ব্যাটার অক্ষত রঘুবংশীকে আউট করেন রঘু। এরপরেই নিজের পকেট থেকে একটি কাগজ বের করে ক্যামেরার দিকে দেখান। তাতে লেখা ছিল,“ভগবানের কৃপায় আজ প্রায় ১৫ বছরের যন্ত্রণাদায়ক যাত্রার সমাপ্তি হয়েছে। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মুম্বই ইন্ডিয়ান্সকে। সবাইকে ধন্যবাদ। জয় শ্রী রাম।” মুহূর্তের মধ্যে এই কাগজের ছবি ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। আইপিএলের বয়স ১৯ হলেও ১৫ বছর ধরে আইপিএলে খেলার অপেক্ষা করছিলেন রঘু। অবশেষে দলে সুযোগ পেয়েছেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে খেললেও উইকেট পাননি তিনি। গতকাল ১ উইকেট পেলেন রঘু।
গতকাল ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ২২৮ রান তুলেছিল লখনৌ। ফর্মে ফিরলেন লখনৌয়ের নিকোলাস পুরান। ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন রঘু। যদিও রোহিত ও রায়ান রিকলটনের ব্যাটে ৮ বল বাকি থাকতেই জয় পেয়েছে মুম্বই, কিন্তু এই ম্যাচ নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে রঘুর কাছে। যতই হোক, প্রথম উইকেট বলে কথা!
