বিরল ঘটনা, দেশকে বিশ্বকাপ জিতিয়ে ট্রেনে বাড়ি ফিরলেন নায়ক!
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বছর ভাল পারফরম্যান্স করেছেন শিবম। মোট রান করেছেন ২৩৫। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। একপ্রকার তাঁর বদান্যতায় সেমিফাইনাল ম্যাচ জেতে ভারত। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ও ফাইনালে কিউয়িদের বিরুদ্ধে ভাল খেলেছেন শিবম।

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অভিনব পন্থায় বাড়ি ফিরলেন শিবম দুবে। রবিবার অবশেষে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০২৪, ২০২৬ – পরপর দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে রেকর্ড গড়েছে ভারত। বিশ্বকাপ জিতে রবিবার রাতেই বাড়ি ফিরতে চেয়েছিলেন শিবম। কিন্তু রবিবার রাতে আহমেদাবাদ থেকে মুম্বইয়ের কোনও ফ্লাইট ছিল না। ফলে, দুবে ঠিক করেন ট্রেনে বাড়ি ফিরবেন। তবে ছদ্মবেশে। একটি সাক্ষাৎকারে সেই কাহিনীই শুনিয়েছেন শিবম।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, তাঁর স্ত্রী অঞ্জুম ও একজন বন্ধু ম্যাচ দেখতে গিয়েছিলেন। কিন্তু সন্তানেরা বাড়িতে ছিল। দুবে বলেন,”বিমানে কোনও টিকিট ছিল না। তাই ঠিক করি আমেদাবাদ থেকে ট্রেনে মুম্বই ফিরব। সড়কপথে সময় বেশি লাগবে তাই ট্রেনেই ফেরার সিদ্ধান্ত নিই।” তিনি বলেন,”আমরা ঠিক করি ট্রেনেই ফিরব। তাই থার্ড এসি-র টিকিট কেটে ফেলি। তবে পরিবারের অনেকেই এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন। তাঁদের চিন্তা ছিল, যদি আমাকে কেউ চিনতে পারে, তাহলে কি হবে ?” এই নিয়ে চিন্তায় ছিলেন খোদ শিবমই। তাই চেনার থেকে বাঁচতে তিনি ছদ্মবেশ ধারণের সিদ্ধান্ত নেন। তিনি বলেন,”আমি টুপি-মাস্ক পরেছিলাম। ফুলহাতা টি-শার্ট পরেছিলাম। ভোরবেলা ট্রেন ছিল তাই আমি ভেবেছিলাম প্ল্যাটফর্মে লোক থাকবে না।” কিন্তু তাঁর মতো অনেকেই খেলা দেখতে গিয়েছিলেন। তাঁরাও ট্রেন ধরার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। প্রায় সবাই ভারতের জার্সি পরে উৎসবে মত্ত ছিলেন। তাই পরিকল্পনা বদল করেন শিবম। ট্রেনে উঠেই উপরের বার্থে শুয়ে পড়েছিলেন শিবম। ট্রেনে কোনও সমস্যা হয়নি। কেউ চিনতে পারেনি। তবে চিন্তা ছিল, বোরিভেলিতে নামার সময় সকাল হয়ে যাবে। ফলে, তাঁকে চিনে ফেলার সম্ভাবনা প্রবল। তাই বোরিভেলি পৌঁছনোর আগেই পুলিশের সাহায্য চান শিবম। পুলিশি সহায়তায় নিরাপদে ঘরে ফিরেছেন এই ক্রিকেট তারকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বছর ভাল পারফরম্যান্স করেছেন শিবম। মোট রান করেছেন ২৩৫। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। একপ্রকার তাঁর বদান্যতায় সেমিফাইনাল ম্যাচ জেতে ভারত। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ও ফাইনালে কিউয়িদের বিরুদ্ধে ভাল খেলেছেন শিবম।দেশকে জেতাতে সাহায্য করেছেন তিনি। আসন্ন আইপিএলে সিএসকের হয়ে খেলবেন শিবম। সব মিলিয়ে, আইপিএলের আগে তাঁর ফর্ম ফেরায় খুশি ক্রিকেটভক্তরা।
