Rohit Sharma: এতদিন অন্যের নির্দেশে এখানে-ওখানে ফিল্ডিং করেছেন, এবার মুম্বইয়ে নিজেই ছড়ি ঘোরাবেন রোহিত?
Mumbai Indians: রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। এরপর ৬ বছর কেটে গেলেও আর ট্রফির ছোঁয়া পাননি আম্বানির দলের ছেলেরা। ২০২৪ সালে তাঁকে সরিয়ে ক্যাপ্টেন করা হয় হার্দিক পান্ডিয়াকে, কিন্তু সাফল্য আসেনি।

মুম্বই : তিনি আইপিএল ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে একজন। তাঁর জন্যই ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তিনি, রোহিত শর্মা বিগত কয়েক বছরে আইপিএল ইতিহাসের এমন এক চরিত্র হয়ে রয়ে গিয়েছেন, যে তাঁকে আর সেভাবে দেখা যাচ্ছে না মাঠে। গত সিজনে যেমন শুধু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন রোহিত। এমতাবস্থায় আবার শোনা যাচ্ছে, খুব সম্ভবত মুম্বইয়ের অধিনায়করূপে তাঁর প্রত্যাবর্তন হতে পারে, মুম্বই দল কর্তৃপক্ষরা নাকি তাই ভেবেছেন।
রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। এরপর ৬ বছর কেটে গেলেও আর ট্রফির ছোঁয়া পাননি আম্বানির দলের ছেলেরা। ২০২৪ সালে তাঁকে সরিয়ে ক্যাপ্টেন করা হয় হার্দিক পান্ডিয়াকে। তাঁর নেতৃত্বে প্রথমবার একদম শেষে ফিনিশ করে মুম্বই। ২০২৫ সালে প্লে-অফ খেললেও সেই অর্থে ট্রফি জয় আর হয়নি মুম্বইয়ের। এর আগে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার নামও উঠে এসেছিল মুম্বইয়ের সম্ভাব্য অধিনায়ক হিসেবে কিন্তু অভিজ্ঞ রোহিতেই নাকি ভরসা রাখছে দল।
হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ-
অভিজ্ঞ ক্রীড়ামহল মনে করছে, হার্দিক পান্ডিয়া আবার দল বদল করতে পারেন। খুব সম্ভবত, কেকেআর বা রাজস্থান রয়্যালস দলে যেতে পারেন হার্দিক। তাঁকে নিয়ে মুম্বই ও রাজস্থানের মধ্যে ট্রেড হয়েছিল কিন্তু বেশ কিছু শর্ত নিয়ে এই মুহূর্তে থমকে দুই দলের এই ট্রেড। আবার উঠে আসছে যশস্বী জয়সোয়াল-এর কথাও। ২০২৭ সালে রোহিতের বয়স হবে ৪০ ফলে যশস্বী যদি রোহিতের বদলে দলে আসেন, তিনি দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ন একজন সদস্য হয়ে উঠবেন। তবে গোটা বিষয়টি এই মুহূর্তে স্রেফ একটি জল্পনা।
এই মুহূর্তে এটিও একটি চিন্তার বিষয় যে রোহিতের বয়স বেড়ে যাচ্ছে। খুব সম্ভবত ওডিআই বিশ্বকাপ ২০২৭-এর পর আর তাঁকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে। যদিও ২০২৮ আইপিএলও রোহিত খেলবেন কি না, এই মুহূর্তে কোনও নিশ্চয়তা নেই। রোহিত যদি ফের অধিনায়ক হন, তাহলে মুম্বইকে একই সঙ্গে তাঁর উত্তরসূরি তৈরির কাজও এগিয়ে রাখতে হবে। ভবিষ্যতের নেতৃত্বের জন্য তিলক ভার্মা বা সূর্যকুমার যাদবের দিকেও ঝুঁকতে পারে দল। তবে রোহিত অধিনায়ক হলে ষষ্ঠবার আইপিএল জয়ের স্বপ্ন দেখতেই পারেন মুম্বই সমর্থকরা।
