Liverpool Club: বড় বিনিয়োগ লিভারপুলে, জেফ বেজোস-লক্ষ্মী মিত্তালের জামাইয়ের কনসোর্টিয়ামের নজরে এই সফল ক্লাব!
Jeff Bezos Consortium: ফেনওয়ের মালিকানায় লিভারপুল দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এমনকি তাদের ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামেরও অনেক উন্নতি ঘটেছে। ২০২৫ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। তবে এরপর দলটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচ পদ থেকে ক্লপ সরে যাওয়ার পর বর্তমান কোচ আর্নে স্লট ও তারকা ফুটবলার মহম্মদ সালাহর বিদায়ের পর নতুন করে দল সাজানোর কাজ চলছে।

লিভারপুল : সদ্যই রোনাল্ড আরাহুকে নিয়ে চমকে দিয়েছে লিভারপুল। এবার শোনা গিয়েছে, ক্লাবের মালিকানা হস্তান্তর হতে চলেছে। শোনা গিয়েছে, ক্লাবের এক-তৃতীয়াংশ শেয়ার কেনার জন্য আলোচনা চলছে একটি বড় বিনিয়োগকারী দল। এই দলের মধ্যে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়া ও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। অমিত ভাটিয়া হলেন ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই।
লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্ৰুপের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন তাঁরা। চলতি সপ্তাহেই এই বিনিয়োগের কথা জানা যেতে পারে। তবে চুক্তি সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লাগবে। জানা গিয়েছে, লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার কিনতে প্রায় ১.৩৫ বিলিয়ন পাউন্ড খরচ হতে পারে। এই চুক্তি হলে লিভারপুলের মোট মূল্য হবে প্রায় ৪.৪ বিলিয়ন পাউন্ড (ভারতীয় মূল্যে ৫৬,৬৭৭ কোটি টাকা)। বিশ্ব ফুটবলে এটি হতে পারে একটি বড় বিনিয়োগ। তবু এই চুক্তির পর্বেও লিভারপুলের নিয়ন্ত্রণ ফেনওয়ের কাছেই থাকবে। অর্থাৎ, ক্লাবের মালিকানা পুরোপুরি বদলাবে না। তবে ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীরা আরও বেশি শেয়ার কিনে ক্লাবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ২০১০ সালে ফেনওয়ে মাত্র ৩০০ মিলিয়ন পাউন্ড মূল্যে লিভারপুল কিনেছিল। সেই সময় ক্লাবটি আর্থিক সমস্যায় ভুগছিল। তবে এখন ক্লাবের মূলত প্রায় ৪.৪ বিলিয়ন পাউন্ড হওয়ার ফলে ফেনওয়ের কাছে এটি বিশাল লাভের খবর। ২০২৩ সালে মার্কিন সংস্থা ডাইনাস্টি ইক্যুইটি লিভারপুলের কিছু শেয়ার কিনেছিল। সেই সময় ক্লাবটির মূল্য ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল।
কে এই অমিত ভাটিয়া?
৪৬ বছর বয়সী অমিত একজন ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী। তিনি লক্ষ্মী মিত্তলের মেয়ে ভানিশা মিত্তলের স্বামী। তিনি আগে চ্যাম্পিয়নশিপের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের শেয়ারহোল্ডার ছিলেন। বর্তমানে তিনি Aybe Capiatl নামে একটি বিনিয়োগ সংস্থা চালান। প্রযুক্তি, মিডিয়া, সম্পত্তি, স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে এই সংস্থায় বিনিয়োগ রয়েছে।
ফেনওয়ের মালিকানায় লিভারপুল দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এমনকি তাদের ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামেরও অনেক উন্নতি ঘটেছে। ২০২৫ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। তবে এরপর দলটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচ পদ থেকে ক্লপ সরে যাওয়ার পর বর্তমান কোচ আর্নে স্লট ও তারকা ফুটবলার মহম্মদ সালাহর বিদায়ের পর নতুন করে দল সাজানোর কাজ চলছে। মাইকেল এডওয়ার্ডসও গত জুলাইয়ে ফেনওয়ের ফুটবল বিভাগের সিইও পদ থেকে সরে গিয়েছেন। তবে এবার এই বর্তমান স্টেকহোল্ডারদের দায়িত্ব নেওয়ার পর আদৌ ক্লাবে উন্নতিসাধন হয় কিনা, সেদিকেই নজর রয়েছে সবার।
