World Athletics Championships: টিকিট কালেকটর থেকে বিশ্ব মিটের মঞ্চে! ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন রাজেশ রমেশ
Rajesh Ramesh: ইতিহাসের পাতায় নাম তোলা ভারতীয় পুরুষ রিলে টিমের চার সদস্য হলেন --- মহম্মদ অনস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল ভৈরাথোড়ি এবং রাজেশ রমেশ। এই ৪ জনের মধ্যে ভারতের পুরুষ রিলে টিমের লাস্ট ল্যাপে বাজিমাত করেন রাজেশ রমেশ।

বুদাপেস্ট: টিকিট কালেকটর থেকে বিশ্বমানের ক্রিকেটার… এক বাক্যে সকলে বলে দিতে পারবেন কার কথা বলা হচ্ছে। তিনি মহেন্দ্র সিং ধোনি। মাত্র ৭ বছরের মধ্যে ভারতকে আইসিসির তিনটি ট্রফি উপহার দেওয়া প্রথম অধিনায়ক ধোনি। মাহির টিকিট কালেকটর থেকে সফল অধিনায়ক হওয়ার পথটা মোটেও সহজ ছিল না। কিন্তু ওই যে কথায় বলে, ‘ভাগ্যে থাকলে, কেউ আটকাতে পারবে না’। তেমনটাই হয়েছে মাহির সঙ্গে। আজ আর এক টিকিট কালেকটরের গল্প আপনাদের জানাই। যিনি এখন বিশ্ব মিটে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। রাজেশ রমেশ (Rajesh Ramesh)। তিনি হলেন, ভারতের পুরুষ রিলে টিমের সদস্য। এক সময় তিনি টিকিট কালেকটরের কাজ করতেন। আর এখন সেই রাজেশ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships) মঞ্চে নজর কেড়ে নিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪x৪০০ পুরুষ রিলে প্রতিযোগিতার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে ভারত। জামাইকা, ব্রিটেন, ত্রিনিদাদ টোবাগো, ফ্রান্স ও ইতালির মতো দেশকে পিছনে ফেলে এই প্রথম বার বিশ্ব মিটে পুরুষদের ৪x৪০০ রিলে ফাইনালে ভারত। ইতিহাসের পাতায় নাম তোলা ভারতীয় পুরুষ রিলে টিমের চার সদস্য হলেন — মহম্মদ অনস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল ভৈরাথোড়ি এবং রাজেশ রমেশ। এই ৪ জনের মধ্যে ভারতের পুরুষ রিলে টিমের লাস্ট ল্যাপে বাজিমাত করেন রাজেশ রমেশ। তিনি অতীতে ছিলেন রেলের টিকিট কালেকটর।
বছর পাঁচেক আগে ফিরে গেলে দেখা যাবে রাজেশ রমেশের অ্যাথলেটিক কেরিয়ার ছিল চড়াই-উতরাইয়ে ভরা। রাজেশ রমেশ এক সময় খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অল্প বয়সে দৌড়ানো শুরু করেন রাজেশ। ২০১৮ সালের অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছিলেন। কিন্তু চোট তাঁকে ট্র্যাক থেকে দূরে সরিয়ে দেয়। এরপর আসে চাকরি। ২০১৮ সালে রাজেশ রমেশ তামিলনাড়ুর ত্রিচিতে টিকিট কালেকটরের কাজ করতেন। করোনা, চাকরি সব মিলিয়ে রাজেশের ট্র্যাকের সঙ্গে দূরত্ব বেড়ে চলেছিল। কিন্তু তাঁর ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। তাই তিনি আবার ট্র্যাকে ফেরেন। এ বার তাঁকে দেখা যাচ্ছে বুদাপেস্টের চলতি বিশ্ব মিটে। এই টুর্নামেন্টে পুরুষদের ৪x৪০০ রিলে রেসের হিটে দুরন্ত পারফর্ম করেছেন সকলে। এ বার দেখার রাজেশ-জ্যাকবরা দেশকে বিশ্ব মিট থেকে পদক এনে দিতে পারেন কিনা।
