Women’s T20 world cup 2026, IND vs PAK: ব্যাটে স্মৃতি, বলে দীপ্তির দাপটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের!
IND vs PAK: এই ম্যাচেও পাকিস্তান ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি হরমন। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাও খুব একটা আগ্রহী ছিলেন না হাত মেলানোর জন্য। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপেও একই জিনিস দেখা গিয়েছিল, যখন টসের সময় হাত মেলাননি ভারতের সূর্যকুমার ও পাকিস্তানের সলমন আলি আগা।

বার্মিংহ্যাম : নামেই বিশ্বকাপ (Women’s T20 world cup 2026)। কিন্তু সেই এক ছবি। আবার ভারতের(Indian Cricket) বিরুদ্ধে হার পাকিস্তানের (Pakistan Cricket Team)। বছরের শুরুতেই পাক বধ করেছিলেন সূর্য-হার্দিকরা। এবার করলেন দেশের মেয়েরা। রিচা (Richa Ghosh)-স্মৃতির (Smriti Mandhana) দাপটে বড় ব্যবধানে হার পাকিস্তানের। ৬৪ রানে জিতে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। বোলিংয়ে দীপ্তি শর্মা (Deepti Sharma) নিলেন ৫ উইকেট। তবে এই ম্যাচেও পাকিস্তান ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি হরমন (Harmanpreet Kaur)। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাও (Fatima Sana) খুব একটা আগ্রহী ছিলেন না হাত মেলানোর জন্য। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপেও একই জিনিস দেখা গিয়েছিল, যখন টসের সময় হাত মেলাননি ভারতের সূর্যকুমার ও পাকিস্তানের সলমন আলি আগা।
গতকাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ওভারেই আউট হয়ে যান শেফালি ভার্মা (৬)। তারপর থেকেই দলকে টানেন স্মৃতি মন্ধানা (৬৮)। ব্যর্থ জেমাইমা (১), ভারতী ফুলমালি (১)। অধিনায়ক হরমনের ব্যাট থেকে এল ৩৬ রান। ১৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন জলপাইগুড়ির মেয়ে রিচা ঘোষ। ২০ ওভারে ভারত তুলেছিল ৬ উইকেট হারিয়ে ১৭০ রান।
জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল পাকিস্তান। ৭ ওভারের মধ্যে তাদের স্কোর ছিল ৫৩/২। এরপর থেকেই যেন ভরাডুবি। ক্রমাগত উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৫৩/২ থেকে একসময় তাদের স্কোর হয়ে গিয়েছিল ৭৯/৬। অবশেষে ১৭ ওভারের মধ্যেই ১০৬ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। ৩ উইকেট নিয়েছেন শ্রী চরণী। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্কোর করলেন ওপেনার মুসিবা আলি (৪১)। যদিও তাঁর একার ইনিংসে কিছুই হয় না। হলও না। ৬৪ রানের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত।
তবে চিন্তা থাকবে ভারতের ফিল্ডিং বিভাগকে নিয়ে। ২টি সহজ ক্যাচ ফেলেছেন রিচা ঘোষ। সাদামাটা বোলিং করেছেন অরুন্ধতী, শ্রিয়াঙ্কারা। আগামী ম্যাচগুলোতে এই ভুলগুলি করলে কিন্তু ভুগতে হতে পারে ভারতীয় দলকে।
