Sourav Ganguly: সৌরভকে ইংল্যান্ডে আমন্ত্রণ প্রিন্স উইলিয়ামের, আবার ব্যাট হাতে নামবেন মহারাজ?
Prince William: এই মুহূর্তে একটি বাংলা রিয়েলিটি শো-এর সঞ্চালনা করছেন তিনি। শনি ও রবিবার তাঁকে সঞ্চালনা করতে হয় ফলে সেই দিনগুলো থেকে কীভাবে সময় বের করবেন সৌরভ, জানানো হয়নি। ১৯৯৬ সালে এই ইংল্যান্ডের মাটিতেই জাতীয় দলে অভিষেক করেছিলেন সৌরভ।

কলকাতা: বঙ্গ ক্রিকেটের সর্বকালীন পোস্টারবয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের শহরগুলির মধ্যে একটি যে লন্ডন, তা কে না জানে? এমনকি লন্ডনে থাকেনও দাদা নিজে। তবে এবার ব্রিটেনের রাজপরিবার আমন্ত্রণ করেছে সৌরভকে। শোনা গিয়েছে, প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামস ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছেন মহারাজকে।
দিন দুয়েক আগে তাঁর কাছে ফোন আসে রাজপরিবার থেকে। তাঁকে আমন্ত্রন জানানো হয়েছে একটি চ্যারিটি ম্যাচ খেলার জন্য। সেই ম্যাচে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ব্রায়ান লারাকেও। বাকিংহাম প্যালেসের বাইরে আয়োজন করা হবে এই বিশেষ ম্যাচ। তবে সবচেয়ে বড় চমকপ্রদ খবর হল, এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে প্রিন্স উইলিয়ামকে। এই চ্যারিটি ম্যাচ থেকে যে টাকা উঠবে, তা দিয়ে করা হবে নানারকম জনকল্যাণমূলক কাজ। সূত্রের খবর, সেই ম্যাচের প্রস্তাব গ্রহণ করেছেন দাদা। পুজোর আগেই খেলা হবে এই বিশেষ ম্যাচটি। তবে এখানেই উঠছে প্রশ্ন। এই মুহূর্তে একটি বাংলা রিয়েলিটি শো-এর সঞ্চালনা করছেন তিনি। শনি ও রবিবার তাঁকে সঞ্চালনা করতে হয় ফলে সেই দিনগুলো থেকে কীভাবে সময় বের করবেন সৌরভ, জানানো হয়নি।
১৯৯৬ সালে এই ইংল্যান্ডের মাটিতেই জাতীয় দলে অভিষেক করেছিলেন সৌরভ। প্রথম ইনিংসেই করেছিলেন ১৩১ রান। এমনকি তাঁর ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ স্কোর ১৮৩ রানও করেছিলেন এই ইংল্যান্ডেই, টনটনে। আবার এই ইংল্যান্ডের মাটিতেই ন্যাটওয়েস্ট ট্রফি জিতে জার্সি খুলে সেলিব্রেশনও আছে তাঁর। তবে যদি এই চ্যারিটি ম্যাচে ব্যাট হাতে দাদাগিরি দেখান সৌরভ, তা হবে আরও একটি চমকপ্রদ বিষয়।
