FIFA World Cup 2026: গ্রুপ পর্বের শেষ দিনে জমজমাট বিশ্বকাপ, নক আউটে সুইজারল্যান্ড-বসনিয়া-হার্জেগোভিনা!
FIFA WC Round of 32: বিশ্বের বহু লিগেই দেখা যায়, কোনও গ্ৰুপের শেষ ম্যাচগুলি সবসময় একসঙ্গে শুরু হয়। এক দল যাতে অন্য দলের ফল দেখে বাড়তি সুবিধা না নেয়, তার জন্যেই এই ব্যবস্থা করেছে ফিফা (FIFA)। তাই দুই ম্যাচই শুরু হয়েছিল এক সময়ে।

কানাডা : ৪৮ দল, শেষ ধাপের জন্য ৩২ দলের কোয়ালিফাইং রাউন্ড (Round of 32)। কিন্তু, এতটা উত্তেজক রাউন্ড যে হবে, তা কেউ ভাবেনি হয়ত। একদিকে আয়োজক দেশ কানাডাকে (Canada) ২-১ হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল সুইজারল্যান্ড (Switzerland)। অন্য ম্যাচে বসনিয়া (Bosnia-Harzegovina) জয় পেল ৩-১ এ কাতারের (Qatar) বিরুদ্ধে। বিশ্বের বহু লিগেই দেখা যায়, কোনও গ্ৰুপের শেষ ম্যাচগুলি সবসময় একসঙ্গে শুরু হয়। এক দল যাতে অন্য দলের ফল দেখে বাড়তি সুবিধা না নেয়, তার জন্যেই এই ব্যবস্থা করেছে ফিফা (FIFA)। তাই দুই ম্যাচই শুরু হয়েছিল এক সময়ে।
সুইজারল্যান্ড – ২ : কানাডা – ১
আজ যে দল জিতত, সেই গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ ৩২ খেলতে পারত। তবে আজ সুইজারল্যান্ড যথেষ্ট ডিফেন্সিভ মনোভাব নিয়ে খেলা শুরু করে। অন্যদিকে কানাডা অনেক আক্রমণ করেও গোলের খাতা খুলতে পারেনি। প্রথমার্ধ শেষ হয়েছিল ০-০ ফলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রুবেন ভার্গাসের গোলে এগিয়ে যায় সুইসরা। ৫৭ মিনিটে আবার গোল করেন সুইজারল্যান্ডের মানজাম্বি। এরপরেই যেন আক্রমণের ঝড় বইয়ে দেয় কানাডা। ৭৬ মিনিটে নাথান সালিবার বল থেকে দুরন্ত গোল করে যান প্রমিস ডেভিড। এরপরেও আর গোল পায়নি কানাডা। ফলে ৩ ম্যাচের পর সুইজারল্যান্ডের পয়েন্ট হল ৭, ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে কানাডা।
বসনিয়া – ৩ : কাতার – ১
অন্য ম্যাচে, গত বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে জিতে অঘটন ঘটাল বসনিয়া-হার্জেগোভিনা।শুরু থেকেই দুরন্ত আক্রমণ শুরু করে বসনিয়া। বেশ কয়েকটি শট বাঁচান গোলকিপার, একটি পোস্টে লেগে ফিরে আসে। তবে ২৯ মিনিটের মাথায় দূরপাল্লার শটে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী করিম আলাইবেগোভিচ। ৫ মিনিট পর আবার গোল খায় কাতার। এবার দুর্ভাগ্য। কাতারের ডিফেন্ডার সুলতান আল ব্রেক বল ক্লিয়ার করতে গিয়ে ঢুকিয়ে দেন নিজেরই গোলে। এরপর থেকেই পাল্টা আক্রমণ শুরু করে কাতারও। তাদেরও একটি শট পোস্টে লেগে ফিরে আসে, বেশ কিছু বল নষ্ট হয়। তবে ৪২ মিনিটে ক্যাপ্টেন হাসান গোল করে ২-১ করেন। ৮০ মিনিটে গোলকিপারের ভুলে ৩-১ করে নিজেদের পকেটে ম্যাচ পুরে নেয় বসনিয়া।
এর ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে শেষ করল সুইজারল্যান্ড। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কানাডা। ফলে, প্রথম দুই দল হিসেবে সরাসরি নক আউট পর্বে উঠে গেল এই দুই দল। তৃতীয় স্থানে রয়েছে বসনিয়া। ৩ ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট ৪। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় দুই নম্বরে কানাডা। বিদায় ঘটে গেল গতবারের বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের।
