IPL 2026, RR vs LSG Live Score: লখনৌয়ের মাঠে ‘বিষাক্ত’ বৈভব, শেষ চারের আরও কাছে রাজস্থান!
Vaibhav Suryavanshi: দিনদিন বৈভবকে দেখে শ্রদ্ধা হচ্ছে। নির্বাচকরা চাইলে নিঃসন্দেহে সচিনের রেকর্ড ভেঙে দেবেন এই বিস্ময় বালক। আজ মারলেন ১০টি ছক্কা। একই সঙ্গে আইপিএলে কোনও সিজনে রাজস্থানের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন বৈভব।

রাজস্থান : ১৫ বছর বয়সে আমি-আপনি কী করতাম? পড়াশোনা, মাধ্যমিকের প্রস্তুতি, নিদেনপক্ষে বন্ধুদের সঙ্গে বিকেলবেলা মাঠে গিয়ে বল পেটানো? ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীও (Vaibhav Suryavanshi) বল পেটান। সাধারণ বোলারদের নয়, আইপিএলে (IPL 2026) খেলতে নেমে। ক্রমাগত, প্রতি ম্যাচে তাঁর ব্যাটে রান থাকবেই। শুধু রান নয়, থাকবে কিছু মাঠ পার করে দেওয়া বিশাল বিশাল ছক্কা। আজ ৭ রানের জন্য নাহয় সেঞ্চুরি পেলেন না বৈভব, কিন্তু এই ছেলে যে নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের আইকন হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়।
রাজস্থানের ঘরের মাঠ সোয়াই মান সিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। আজ খেলেননি অধিনায়ক রিয়ান পরাগ। দলকে নেতৃত্ব দিলেন যশস্বী জয়সোয়াল। লখনৌয়ের হয়ে প্রথম থেকেই ঝড় তোলেন মিচেল মার্শ। ৫৭ বলে ৯৬ রানের ইনিংস খেললেন মার্শ, মারলেন ১১টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি। ২৯ বলে ৬০ রানের ইনিংস খেললেন জোস ইংলিসও। তাঁরা আউট হওয়ার পর যেন রানের গতি কমে যায় লখনৌয়ের। নিকোলাস পুরান করলেন ১১ বলে ১৬ রান। অধিনায়ক ঋষভ পন্থি ৩৫ রানের বেশি করতে পারেননি। আয়ুষ বাদোনিকে গোল্ডেন ডাক করেন জোফ্রা আর্চার। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২২০ রান তোলে লখনৌ।
জবাবে ব্যাটে নেমে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই খেলা শুরু করেন বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সোয়াল। একসময় ধীরগতিতে শুরু করলেও যশস্বীর (৪৩) উইকেটের পর ঝড় তোলেন বৈভব। ৩৮ বলে ৯৩ রানের ইনিংস খেললেন এই ১৫ বছরের বালক। দিনদিন বৈভবকে দেখে শ্রদ্ধা হচ্ছে। নির্বাচকরা চাইলে নিঃসন্দেহে সচিনের রেকর্ড ভেঙে দেবেন এই বিস্ময় বালক। আজ মারলেন ১০টি ছক্কা। একই সঙ্গে আইপিএলে কোনও সিজনে রাজস্থানের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন বৈভব। অতীতে এই রেকর্ড ছিল জোস বাটলারের। চার বছর পর তাঁর রেকর্ড ভাঙলেন বৈভব।
বৈভবের আউট হওয়ার পর একটু হলেও ম্যাচে ফিরেছিল লখনৌ কিন্তু তাঁদের সব আশায় জল ঢেলে দিলেন ধ্রুব জুৱেল (৫৩ নট আউট)। আজকেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন ধ্রুব। সেই আনন্দেই কি ম্যাচ শেষ করে এলেন তিনি? ৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ২২৫ রান তুলে ফেলে রাজস্থান রয়্যালস।
এই জয়ের ফলে সোয়াই মান সিং স্টেডিয়ামে প্রথম জয় পেল রাজস্থান। একই সঙ্গে আজ জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে উঠে এল রাজস্থান। পঞ্চম স্থানে নেমে গেল পাঞ্জাব কিংস। রাজস্থানের এখনো বাকি একটি ম্যাচ। সেই ম্যাচ জিতলে চতুর্থ স্থানে উঠে আসবেন যশস্বীরা। তবে বৈভব যে ফর্মে আছেন, তাঁকে যে কোনওদিন জাতীয় সিনিয়র দলের জার্সিতে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
