Bankura BJP Protest Highway Blockade: ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ বিলির সময় গালিগালাজের অভিযোগ, প্রতিবাদে অবরুদ্ধ জাতীয় সড়ক
BJP Protests in Bankura: এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা চার্বাক পল্লী এলাকায় যখন 'মাতৃশক্তি ভরসা কার্ড' বিলি করছিলেন ঠিক সেই সময় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ কয়েক জন তাদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেন।

বাঁকুড়া: ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ বিলির সময় বিজেপির মহিলা কর্মীদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ। অভিযোগ এলাকার প্রধান-সহ ওই এলাকার তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। শনিবার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের চার্বাক পল্লীর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শোরগোল এলাকার রাজনৈতিক মহলেও। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।
এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা চার্বাক পল্লী এলাকায় যখন ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিলি করছিলেন ঠিক সেই সময় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ কয়েক জন তাদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেন। এমনকি সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টার মতো অভিযোগ করা হয়। যা সর্বৈবভাবে মিথ্যা বলেই তাঁদের দাবি।
অন্যদিকে, তৃণমূল নেতা সোমনাথ মণ্ডলের দাবি, গ্রামের মহিলাদের ভুল বোঝাচ্ছিল বিজেপির কর্মীরা। ভুল বুঝিয়ে তিন হাজার টাকা দেওয়ার নাম করে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিচ্ছিল। তাঁর সাফ কথা, আমরা তার প্রতিবাদ করেছি। নির্বাচনের আগে এই কাজ করা যায় না। বিডিও-কে বিষয়টি তারা জানিয়েছেন বলেও জানান। যদিও এখনও বিষয়ে কোনও প্রশাসনিক পদক্ষেপ কথা জানা যায়নি।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই এলাকার রাজনৈতিক আঙিনাতেও বিস্তর চাপানউতোর শুরু হয়ে যায়। ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার পদ্ম কর্মীরা। হেনস্থার অভিযোগ তুলে বিজেপি নেতা-কর্মীরা বাঁকুড়া শহরের কেরানীবাঁধে জাতীয় সড়ক অবরোধও করেন। খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
