BJP candidate Santu Pan: তারকেশ্বরে সন্তু পানকে ঘিরে ফেলল তৃণমূল? থানায় আছড়ে পড়ল বিজেপির বিক্ষোভের ঢেউ
BJP in Tarakeshwar: খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে। এরই মধ্যে হামলার প্রতিবাদে, দোষীদের কড়া শাস্তির তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন।

তারকেশ্বর: ভোটের মুখে উত্তপ্ত হুগলির তারকেশ্বর। এবার খোদ বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তারকেশ্বর থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবিরের স্থানীয় নেতারা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে।
এবার তারকেশ্বরে বিজেপি দাঁড় করিয়েছে তরুণ সাংবাদিক সন্তু পানকে। কিছুদিন আগেই একেবারে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি। বৃহস্পতিবার তারকেশ্বরের গুড়েভাটায় একটি মিটিংয়ে গিয়েছিলেন সন্তু। অভিযোগ, সেখানে রাস্তার ধারে যখন মিটিং চলছিল, ঠিক সেই সময়েই তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। বিজেপি কর্মীদের বেশ কয়েকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। ভাঙচুর করা হয় সন্তুর গাড়িও।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে। এরই মধ্যে হামলার প্রতিবাদে, দোষীদের কড়া শাস্তির তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। প্রতিবাদ আছড়ে পড়ে তারকেশ্বর থানার সামনে।
তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সন্তু বলেন, “তারকেশ্বরে গণতন্ত্র থাকবে না? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এই বিজেপি সেই বিজেপি নয় যে আপনি চমকালে বাড়ি যাবে! আপনি মনে রাখবেন শ্রীকৃষ্ণ বাঁশিও বাজিয়েছেন সুদর্শন চক্রও তুলে নিয়েছেন। আমরা কিন্তু ছেড়ে কথা বলব না।”
অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দলের আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা স্বপন সামন্ত। তাঁর দাবি, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও কর্মী বা সমর্থক জড়িত নয়। আসলে প্রচারের আলোয় আসার জন্য বিজেপি নিজেরাই নিজেদের উপর এই আক্রমণের নাটক সাজিয়েছে।” তবে এর পাশাপাশি তিনি এও জানান, দলের কেউ যদি এই ঘটনার সঙ্গে সত্যিই যুক্ত থাকে, তবে বিষয়টি দলীয় স্তরে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে এই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বরের রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
