TMC Beaten BJP: শুভেন্দুর সভায় যাওয়া বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Jalpaiguri News: এই ঘটনায় আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি প্রার্থী দীনেশ সরকারের অভিযোগ, রাজ্যে 'গুন্ডারাজ' চালাচ্ছে তৃণমূল। ভোটের আগে ভয় দেখিয়ে বিজেপি সমর্থকদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তাঁরা কমিশনের নজরে আনবেন।

জলপাইগুড়ি: নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সভায় গিয়েছিলেন। সেখানে BJP সমর্থক এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, অস্বীকার তৃণমূলের। লিখিত অভিযোগ দায়ের হতেই রাজগঞ্জ বিধানসভায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার মন্থনী এলাকায় বিজেপি কর্মী অগেন রায়। তিনি পেশায় ব্যবসায়ী। অভিযোগ,স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত রায়। ব্যবসায়ীর অভিযোগ, তিনি বিজেপি করেন। সম্প্রতি, শুভেন্দু অধিকারীর সভায় গিয়েছিলেন বলে তাঁকে হুমকি দিচ্ছিলেন এলাকার তৃণমূল নেতা জয়ন্ত রায়।
অভিযোগ, সোমবার রাতে অগেন মন্থনী এলাকায় একটি অনলাইন দোকান থেকে টাকা তুলতে গেলে দোকানের সামনে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারামারির ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আহত অবস্থায় প্রথমে তাঁকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য।
এই ঘটনায় আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি প্রার্থী দীনেশ সরকারের অভিযোগ, রাজ্যে ‘গুন্ডারাজ’ চালাচ্ছে তৃণমূল। ভোটের আগে ভয় দেখিয়ে বিজেপি সমর্থকদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তাঁরা কমিশনের নজরে আনবেন।
তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র শুভঙ্কর মিশ্র বলেন, “কোনও রাজনৈতিক হামলার ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিবাদ। ভোটের মুখে বিজেপি রাজনৈতিক রঙ দিচ্ছে।”
