Jagaddal violence: বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, তপ্ত জগদ্দল
Jagaddal Bomb Attack BJP Worker: ভোররাতে দুষ্কৃতীরা বিজেপিকর্মী শিবু রায়ের বাড়িতে পরপর দুটি শক্তিশালী বোমা ছোড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করে।

উত্তর ২৪ পরগনা: নির্বাচন কমিশনের কড়া নজরদারি ও প্রতিশ্রুতির আশ্বাসকে কার্যত উপেক্ষা করেই ফের উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। রবিবার ভোররাতে জগদ্দলে বিজেপির এক সক্রিয় কর্মী শিবু রায়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
জানা গিয়েছে, ভোররাতে দুষ্কৃতীরা বিজেপিকর্মী শিবু রায়ের বাড়িতে পরপর দুটি শক্তিশালী বোমা ছোড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করে। তবে পুলিশি তৎপরতা সত্ত্বেও এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গতকালই নির্বাচন কমিশনের তরফে আসন্ন ভোটের আবহে এলাকাকে ভীতিমুক্ত ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে বিশেষ আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই ধরনের হিংসাত্মক ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভ, এলাকায় দুষ্কৃতীদের দাপট যদি এভাবে চলতে থাকে, তবে আগামী দিনে তারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন কীভাবে? অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই ঘটনায় কত দ্রুত ও কঠোর পদক্ষেপ করা হয়, এখন সেটাই দেখার বিষয়।
