Medinipur News: রক্তের সম্পর্ক ছাড়িয়ে অনুভূতির টানে! অন্যরকম ভাইফোঁটা দেখল মেদিনীপুর
আশ্রমের সম্পাদক বলরাম করণ জানান, "আমরা প্রত্যেক বছরই এই ভাইফোঁটার আয়োজন করে থাকি। এ বছর আমাদের এই উৎসব ৩২ বছরে পদার্পণ করল। সমাজের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই দিনটি আমরা শিশুদের সঙ্গে কাটাই, যাতে ওরা কোনও দিন নিজেদের একা বা ব্রাত্য না ভাবে।"

মেদিনীপুর: কারও মা আছে তো বাবা নেই, কেউ আবার জন্ম থেকেই সম্পূর্ণ অনাথ পরিবারের উষ্ণতা ও ভাইফোঁটার আনন্দ যাদের কাছে বরাবরই এক অধরা স্বপ্ন ছিল। তাদের জীবনেই খুশির জোয়ার এনে দিল এক অনন্য উদ্যোগ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে এ বছরও অত্যন্ত সাড়ম্বরে পালিত হলো ব্যতিক্রমী ‘গণ ভাইফোঁটা’।
রক্তের সম্পর্কের গণ্ডি পেরিয়ে স্নেহের টানে এ দিন মেতে উঠেছিল গোটা আশ্রম চত্বর। আশ্রম কর্তৃপক্ষ তথা সম্পাদক বলরাম করণের উদ্যোগে আয়োজিত এই গণ ভাইফোঁটা উৎসব এ বছর ৩২ বছরে পদার্পণ করল।
ভাইফোঁটা মানেই ভাই-বোনের মেলবন্ধন, উপহারের ছড়াছড়ি আর ভুরিভোজ। কিন্তু পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের ছবিটা একটু আলাদা। এ দিন আশ্রমের শিশুরা শুধু একে অপরকেই ফোঁটা দেয়নি, বরং সমাজের বিভিন্ন প্রান্ত থেকে দূরদূরান্ত থেকে ছুটে আসা বহু মানুষও এই মহতী আয়োজনে সামিল হন। অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের এক বিরাট পরিবারের অংশ করে তুলতে এই গণ ভাইফোঁটার উদ্যোগ এক গভীর সামাজিক বার্তা বহন করে।
আশ্রমের সম্পাদক বলরাম করণ জানান, “আমরা প্রত্যেক বছরই এই ভাইফোঁটার আয়োজন করে থাকি। এ বছর আমাদের এই উৎসব ৩২ বছরে পদার্পণ করল। সমাজের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই দিনটি আমরা শিশুদের সঙ্গে কাটাই, যাতে ওরা কোনও দিন নিজেদের একা বা ব্রাত্য না ভাবে।”
