Digha: হুগলি থেকে সোজা দিঘা! ভিড়ের মাঝে এই চার মহিলার কাণ্ড দেখে হতবাক পুলিশ
Rath Yatra in Hooghly: তবে এই চক্রের আরও বেশ কয়েকজন সদস্য ভিড়ের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে মোট চারটি ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করেছে পুলিশ।

দিঘা: রথের ভিড়ে মিশেই চলছিল কাজ। কিন্তু শেষ পর্যন্ত সবটাই ধরে ফেলল পুলিশ। দিঘায় রথযাত্রার পুণ্যলগ্নে ঘটে গেল এক অভিনব ছিনতাইয়ের ঘটনা। রথের দড়ি টানার সময় পুণ্যার্থীদের ভিড়ের সুযোগ নিয়ে সোনার গয়না হাতানোর অভিযোগে চার মহিলা ছিনতাইবাজকে গ্রেফতার করল দিঘা থানার পুলিশ।
বৃহস্পতিবার দিঘায় রথযাত্রার অনুষ্ঠানে এমনিতেই প্রচুর মানুষের সমাগম হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকলে যখন ভক্তিভরে রথ টানতে ব্যস্ত, ঠিক সেই সময়টাই কাজে লাগায় এই দুষ্কৃতীদের দল। ভিড়ের মধ্যে মিশে গিয়ে বিশেষ ‘কাটার’ ব্যবহার করে অত্যন্ত সন্তর্পণে মহিলাদের গলা থেকে সোনার হার কেটে নিচ্ছিল তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডিউটিতে থাকা পুলিশের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যায় ওই চার মহিলা।
তবে এই চক্রের আরও বেশ কয়েকজন সদস্য ভিড়ের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে মোট চারটি ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত চার মহিলাই হুগলির বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে কালা মালি (৪৮), গুনতি মালাদার (৫০), রিজা মালাদার (৩৬) এবং অগ্নি স্বামীকে (৫২)। পুলিশের প্রাথমিক অনুমান, উৎসবের মরসুমকে কাজে লাগিয়ে লুঠ করতেই সুপরিকল্পিতভাবে এরা হুগলি থেকে দিঘায় এসেছিল।
এদিনই ধৃত চারজনকে কড়া নিরাপত্তায় কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, পলাতক সঙ্গীদের সন্ধান পেতে দিঘা থানার পুলিশ আদালতে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
