AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gosaba BJP worker assaulted: নির্বাচনের আগে উত্তপ্ত গোসাবা, বিজেপি কর্মী আক্রান্ত; কাঠগড়ায় তৃণমূল

West Bengal assembly election 2026: হামলায় সনাতনবাবুর মাথায় ও হাতে গভীর চোট লেগেছে। আক্রান্ত সনাতন গায়েন অভিযোগ করেন, "যতদিন আমি তৃণমূল করতাম, ততদিন কেউ আমায় কিছু বলেনি। কিন্তু এখন বিজেপি করায় জমি সংক্রান্ত বিবাদের নাম করে আমাকে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়েছে।"

Gosaba BJP worker assaulted: নির্বাচনের আগে উত্তপ্ত গোসাবা, বিজেপি কর্মী আক্রান্ত; কাঠগড়ায় তৃণমূল
আক্রান্ত বিজেপি কর্মী সনাতন গায়েনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 26, 2026 | 12:12 AM
Share

গোসাবা: বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকা। পদ্ম প্রার্থীর হয়ে প্রচার করায় এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সনাতন গায়েন। তিনি গোসাবা ব্লকের ১ নম্বর কচুখালির বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

হামলায় সনাতনবাবুর মাথায় ও হাতে গভীর চোট লেগেছে। হাসপাতালের বিছানায় শুয়ে আক্রান্ত সনাতন গায়েন অভিযোগ করেন, “যতদিন আমি তৃণমূল করতাম, ততদিন কেউ আমায় কিছু বলেনি। কিন্তু এখন বিজেপি করায় জমি সংক্রান্ত বিবাদের নাম করে আমাকে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়েছে।” থানায় অভিযোগ দায়ের করেছেন কি না জানতে চাওয়ায় তিনি বলেন, “থানায় গিয়েছিলাম। তারা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।” যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা স্থানীয় তৃণমূল কর্মী বলে তিনি অভিযোগ করেন। তৃণমূল অবশ্য বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় গোসাবাতে ভোট রয়েছে। মাঝে আর তিন দিন। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। নির্বাচন ঘিরে অশান্তি এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে। তার মধ্যে বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় চাপানউতোর বেড়েছে। নির্বাচনের আগে হিংসার ঘটনা আরও বাড়বে কি না, সেই প্রশ্ন উঠছে।

তবে প্রথম দফায় গত ২৩ এপ্রিল কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। দ্বিতীয় দফায় ৭ জেলায় ভোটগ্রহণ রয়েছে। এদিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছে, দ্বিতীয় দফায় আরও বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তিনি আশ্বাস দেন, প্রথম দফার মতোই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে দ্বিতীয় দফায়।

Follow Us