West Bengal Election 2026 Live: মোদীর সভার আগে উত্তপ্ত জগদ্দল, সাগরে স্নান সেরে প্রচারে অমিত শাহ
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: শেষদিনের প্রচারে ঝড় তুলতে চলেছে সব রাজনৈতিক দল। একদিকে, মোদী-শাহের একাধিক সভা, অন্যদিকে, জনসংযোগ সারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার সারবেন বাম ও কংগ্রেস প্রার্থীরাও। এদিকে, ভোটের দুই দিন আগে উত্তপ্ত জগদ্দল।

LIVE NEWS & UPDATES
-
Amit Shah: গঙ্গাসাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো শাহের
- আজ সকালে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- আজ সকাল ন’টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার গঙ্গাসাগরের হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলে যান গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে।
- সাগরে স্নান সেরে তিনি সোজা চলে যান ঐতিহাসিক কপিল মুনির আশ্রমে। তিনি সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং পুজো দেন।
-
মোদীর সভার আগে জগদ্দলে উত্তেজনা
- ভোটের দুই দিন আগে উত্তপ্ত জগদ্দল। তৃণমূল-বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল। নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং-এর উপর হামলার অভিযোগ ওঠে। থানার সামনেও দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। চলল মারধর, ইট-পাথর ছোড়াছোড়ি।
- বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চালানো হয় বলে অভিযোগ। সেইসময়ই গুলিবিদ্ধ হন পবন সিংয়ের নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
- ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
-
-
WB Assembly Election 2026: ভোটের আগে হাবড়া থেকে উদ্ধার ৮টি তাজা বোমা
- দ্বিতীয় দফা ভোটের আগে উদ্ধার ৮টি তাজা বোমা। প্রচারের শেষ দিন অর্থাৎ আজ সকালে হাবড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সড়াই নিন্ম বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার হয়েছে আটটি তাজা বোমা
- ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। জনবহুল এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, শান্ত হাবড়াকে অশান্ত করার চেষ্টা করেছে বিজেপি। আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে বিজেপি পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে।
-
শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার CISF জওয়ান
আমের প্রলোভন দেখিয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় ওই জওয়ানকে গ্রেফতার করল পুলিশ। ধৃত জওয়ানের নাম রমাকান্ত বিশ্বকর্মা। পশ্চিম বর্ধমানের কুলটির ঘটনা। রবিবার রাতে ওই জওয়ানকে কুলটি থানার সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে। ইতিমধ্যেই জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
-
বিজেপি ও তৃণমূলের প্রচার
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দননগরে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া বেহালা থানা থেকে ম্যান্টন পর্যন্ত রোড শো করার কথা রয়েছে শাহের। অন্যদিকে,ভবানীপুরে প্রচার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক প্রচার সারবেন রানাঘাট, হুগলি, আরামবাগ ও মহেশতলায়।
-
Live Assembly Election 2026 News Updates in Bengali: আজ দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন। আর শেষদিনের প্রচারে ঝড় তুলতে চলেছে সব রাজনৈতিক দল। একদিকে, মোদী-শাহের একাধিক সভা, অন্যদিকে, জনসংযোগ সারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার সারবেন বাম ও কংগ্রেস প্রার্থীরাও। এদিকে, ভোটের দুই দিন আগে উত্তপ্ত জগদ্দল। তৃণমূল-বিজেপির সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন একজন তৃণমূল কাউন্সিলর। এদিকে, রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের কনস্টেবল রামকৃষ্ণ কয়ালকে সাসপেন্ড করেছে লালবাজার।
Published On - Apr 27,2026 10:49 AM
