Agnimitra Paul: মহিলাদের জন্য চালু হচ্ছে হেল্পলাইন নম্বর, ঘোষণা অগ্নিমিত্রার, খোঁচা মমতাকেও
Women Helpline Number: নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, মহিলাদের জন্য ২৪X৭ হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। তিনি বলেন,"এতদিন মহিলাদের জন্য কোনও হেল্পলাইন নম্বর ছিল না। আমরা বহুবার এই নিয়ে বলেছিলাম। তাই খুব শীঘ্রই হেল্পলাইন নম্বর চালু করা হবে।" হেল্পলাইন নম্বর হল ১৮১।

কলকাতা: নারী অধিকার, নারী সুরক্ষাকে প্রথম থেকেই অগ্রাধিকার দিয়েছে বিজেপি সরকার (BJP Government)। ইস্তাহারে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বাংলায় সরকার গঠনের পর থেকেই একটা একটা করে প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু শুরু করে দিয়েছে সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ঘোষণা করেছেন মন্ত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। এবার মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর (Helpline চালু করার ঘোষণা করলেন তিনি।
মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর
নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, মহিলাদের জন্য ২৪X৭ হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। তিনি বলেন,”এতদিন মহিলাদের জন্য কোনও হেল্পলাইন নম্বর ছিল না। আমরা বহুবার এই নিয়ে বলেছিলাম। তাই খুব শীঘ্রই হেল্পলাইন নম্বর চালু করা হবে।” হেল্পলাইন নম্বর হল ১৮১। এখনও তা চালু করা হয়নি, তবে শীঘ্রই সেই কাজ সম্পন্ন হবে। এই নম্বরে ফোন করলে জানা যাবে আপনি কোথায় রয়েছেন, কোথায় সমস্যায় পড়েছেন।
স্বাধীনতার নিঃশ্বাস নিন নারীরা
পশ্চিমবঙ্গের নারীদের খোলা আকাশের নীচে স্বাধীনভাবে বাঁচার আহ্বান জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিতর্কিত মন্তব্যকে তুলে ধরে খোঁচা দিতেও ছাড়েননি অগ্নিমিত্রা। তিনি বলেন,”আমার পশ্চিমবঙ্গের মা-বোনেরা, তাঁরা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে পরবেন, যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলে দেবে না আপনারা কী খাবেন, কী পরবেন, আপনাদের কখন বেরনো উচিত, আর কখন বেরনো উচিত নয়। আমরা বলব না রাত ৮টার পর মহিলারা বেরিয়েছে কেন? মন খুলে, খোলা আকাশের নীচে, বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন, স্বাধীনতার নিঃশ্বাস।’
