টলিউডে স্ক্রিনিং কমিটি ঘরে তীব্র জটিলতা, রানা-পিয়া বিবাদ প্রকাশ্যে
১১ মার্চ ছিল টলিউডে স্ক্রিনিং কমিটির মিটিং। বাংলার কিছু সিনেমা হল মালিক ব্যবসায় ক্ষতির কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন স্ক্রিনিং কমিটিকে। এই সমস্যার সমাধান সূত্র খোঁজা হবে, এমন জানিয়ে মিটিং ডাকা হয়েছিল। মিটিং শেষে সাংবাদিক বৈঠকে স্ক্রিনিং কমিটির তরফে ধিক্কার জানানো হয়, স্ক্রিনিং কমিটিরই সদস্য রানা সরকারকে। এর কারণ রানার একটা ফেসবুক পোস্ট।

১১ মার্চ ছিল টলিউডে স্ক্রিনিং কমিটির মিটিং। বাংলার কিছু সিনেমা হল মালিক ব্যবসায় ক্ষতির কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন স্ক্রিনিং কমিটিকে। এই সমস্যার সমাধান সূত্র খোঁজা হবে, এমন জানিয়ে মিটিং ডাকা হয়েছিল। মিটিং শেষে সাংবাদিক বৈঠকে স্ক্রিনিং কমিটির তরফে ধিক্কার জানানো হয়, স্ক্রিনিং কমিটিরই সদস্য রানা সরকারকে। এর কারণ রানার একটা ফেসবুক পোস্ট। যেখানে সিনেমা হল মালিকদের যে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, তার কারণ প্রাইম টাইমে বাংলা ছবি চালানো বাধ্যতামূলক তা নয়, বরং এর মধ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে, উল্লেখ করেছিলেন রানা। ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত নিজে মুখে রানাকে ধিক্কার জানান।
এরপর রানা ফেসবুকে পিয়া সেনগুপ্তর দিকে আঙুল তুলতে ছাড়েননি। তিনি লেখেন, ”স্ক্রিনিং কমিটির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও পিয়া সেনগুপ্ত সাম্প্রতিক অতীতে যা যা পক্ষপাতিত্ব করেছেন সেটাকেও কি তীব্র ধিক্কার জানাবো নাকি ইগনোর করে দেব?যেভাবে দেব-কে অপমান করা হয়েছে খুলে বলবো ? নাকি ইগনোর করবো ? যেভাবে নিজের ছেলের সিনেমা চালানোর জন্য সিনেমা হল মালিকদের থ্রেট করেছেন সেটা বলবো ? নাকি ইগনোর করবো ? স্ক্রিনিং কমিটির ভেতরের কথা বাইরে প্রকাশ করে দিচ্ছে তার দায় স্ক্রিনিং কমিটির প্রেসিডেন্টের সেটাকে কি ধিক্কার জানাবো না ইগনোর করবো ?”
রানার আরও দাবি, ১৩ জন সদস্যদের মধ্যে বেশিরভাগের অনুপস্থিতিতে স্ক্রিনিং কমিটির বৈঠক হওয়া ঠিক নয়। তিনি লেখেন, ”স্ক্রিনিং কমিটির কাজ এখন ধিক্কার জানানো ? তা-ও এমন একটা মিটিংয়ে যে যেখানে ৫০ শতাংশ সদস্য উপস্থিত নেই। যে মিটিংয়ে কোরাম নেই সেই মিটিংয়ে কিভাবে হলো স্ক্রিনিং কমিটির একজন সদস্য হিসেবে জবাব চাইছি। প্রযোজক-সদস্যদের উপস্থিতি ছাড়া মিটিং কীভাবে হতে পারে ? সেই সঙ্গে স্ক্রিনিং কমিটি তৈরী হওয়ার সরকারি আদেশ ও টার্মস অফ রেফারেন্স প্রকাশ করার দাবি জানাচ্ছি। পিয়া সেনগুপ্ত নিয়মের বাইরে গিয়ে যেভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তাকে তীব্র ধিক্কার জানাই।”
সূত্রের খবর, এই নিয়ে ১২ মার্চ সকাল থেকে টলিপাড়ায় যথেষ্ট জলঘোলা হয়েছে। আরও খবর, প্রযোজক রানা সরকার আর টলিউডের এক নামী নায়ক নাকি একটা চিঠিতে সই করে, স্ক্রিনিং কমিটিই তাঁরা চান না, সে কথা লিখে, চিঠি প্রশাসনকে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। এখন শেষ অবধি ঝামেলা মিটে স্ক্রিনিং কমিটির পরবর্তী মিটিং কবে হয়, তা দেখার অপেক্ষা।
