AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হানি সিংয়ের মুম্বই কনসার্টে চরম বিশৃঙ্খলার জন্য এফআইআর দায়ের, কলকাতায় শো হবে কি?

বিশৃঙ্খলা আরও বাড়ে যখন এক মহিলা ভক্ত বিনা টিকিটে প্রবেশের জন্য পাঁচিল টপকানোর চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দিতে গেলে তিনি মেজাজ হারান এবং তাঁদের লক্ষ্য করে অকথ্য গালিগালাজ করতে থাকেন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটপাড়ায় নিন্দার ঝড় উঠেছে।

হানি সিংয়ের মুম্বই কনসার্টে চরম বিশৃঙ্খলার জন্য এফআইআর দায়ের, কলকাতায় শো হবে কি?
| Updated on: Mar 31, 2026 | 3:56 PM
Share

মুম্বই কনসার্টে চরম বিশৃঙ্খলার জন্য এবার আইনি বিপাকে পপ তারকা হানি সিং। গত ২৮ মার্চ মুম্বইয়ের এমএমআরডিএ গ্রাউন্ডে আয়োজিত এই শো-কে কেন্দ্র করে আয়োজক সংস্থা ‘তামান্নজ ওয়ার্ল্ডওয়াইড’-এর প্রতিনিধি ইন্দ্রজিৎ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিপজ্জনকভাবে লেজার লাইট ব্যবহার করা হয়েছে এবং গ্রাউন্ডের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শক ঢুকিয়ে চরম ঝুঁকি তৈরি করা হয়েছে।

এমএমআরডিএ গ্রাউন্ডটি মুম্বই বিমানবন্দরের অত্যন্ত কাছে অবস্থিত। বিমান চলাচলের সুরক্ষার্থে ওই এলাকায় লেজার লাইটের ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ জানিয়েছে, আগে থেকে সতর্ক করা সত্ত্বেও আয়োজকরা শক্তিশালী লেজার ব্যবহার করেছেন, যা পাইলটদের বিভ্রান্ত করতে পারত। উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে বোম্বে হাইকোর্ট জানিয়েছিল যে, পুলিশ চাইলে জননিরাপত্তার স্বার্থে লেজার লাইটের ওপর নিয়ন্ত্রণ আনতে পারে। সেই নিয়ম মেনেই পুলিশ এখন কড়া পদক্ষেপ নিচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছিল যে, অনুষ্ঠানে বড়জোর ১২ হাজার মানুষ উপস্থিত থাকবেন। কিন্তু বাস্তবে দেখা যায়, ১৮ থেকে ২০ হাজার মানুষের ভিড় উপচে পড়ছে। এই বিপুল জনসমুদ্র সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না সেখানে। ফলে গোটা এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

বিশৃঙ্খলা আরও বাড়ে যখন এক মহিলা ভক্ত বিনা টিকিটে প্রবেশের জন্য পাঁচিল টপকানোর চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দিতে গেলে তিনি মেজাজ হারান এবং তাঁদের লক্ষ্য করে অকথ্য গালিগালাজ করতে থাকেন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটপাড়ায় নিন্দার ঝড় উঠেছে।

হানি সিংয়ের ‘মাই স্টোরি ওয়ার্ল্ড ট্যুর’-এর শুরুতেই এই ধাক্কা গায়কের টিমকে বেশ অস্বস্তিতে ফেলেছে। দিল্লির পর মুম্বইয়ে এই কাণ্ড ঘটল। এর পর তাঁর পরবর্তী গন্তব্য পুণে এবং কলকাতা। আগামী ৯ মে কলকাতায় হানি সিংয়ের কনসার্ট রয়েছে। তবে মুম্বইয়ের এই ঘটনার পর কলকাতার শো কি আদতেও হবে? এখনও এই বিষয়ে আয়োজকদের তরফে কিছু জানা যায়নি।

Follow Us