কী মন্ত্রী হচ্ছেন সুকান্ত-শান্তনু? জানা যাবে আজকের বৈঠকেই
All Minister's Meeting: বাংলা এবার দুইজন মন্ত্রী পেয়েছে। তবে দুইজনই প্রতিমন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী পদ জোটেনি বাংলার কপালে। সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর কী মন্ত্রক পান, তার দিকেও থাকবে বিশেষ নজর।

শপথ গ্রহণের পর আজ, সোমবারই মোদীর মন্ত্রিসভার প্রথম বৈঠক। বিকেল ৫টার মধ্যে সকল মন্ত্রীদের প্রধানমন্ত্রীর বাসভবন, দিল্লির লোক কল্যাণ মার্গে আসতে বলা হয়েছে। সেখানেই মন্ত্রীদের সঙ্গে বৈঠক-আলোচনায় বসবেন নমো।
সূত্রের খবর, কোন মন্ত্রীকে কোন মন্ত্রক দেওয়া হবে, সেই বিষয় নিয়েই আলোচনা হতে পারে আজকের বৈঠকে। রবিবার প্রধানমন্ত্রী ছাড়াও ৩০ জন পূর্ণমন্ত্রী ও ৪১ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। তবে কে কোন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আজকের বৈঠকে সেই সিদ্ধান্তই নেওয়া হতে পারে।
বাংলা এবার দুইজন মন্ত্রী পেয়েছে। তবে দুইজনই প্রতিমন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী পদ জোটেনি বাংলার কপালে। সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর কী মন্ত্রক পান, তার দিকেও থাকবে বিশেষ নজর।
বিজেপির অন্দরের খবর, চার গুরুত্বপূর্ণ মন্ত্রক-স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও অর্থ মন্ত্রক নিজেদের হাতেই রাখবে বিজেপি। সেখানে শরিকদের দাবি পাত্তা পাবে না। বাকি মন্ত্রকগুলির ক্ষেত্রে গুরুত্ব পেতে পারে শরিকরা।
প্রসঙ্গত, এবারের মন্ত্রিসভায় শরিক দলের ১১ জন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন। মন্ত্রক বন্টনের ক্ষেত্রে তাদেরও বিশেষ গুরুত্ব দিতে হবে।
