Amit Shah : বাংলা জয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ, ‘অনুপ্রবেশকারীদের তাড়াব’, হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রীর
Amit Shah : অমিত শাহ বলেন,"বাংলাতেও ভোট আসন্ন। আমার বিশ্বাস, এবার সরকার গঠন করবে বিজেপি। আর সরকার গঠন করেই দলের প্রথম এজেন্ডা হবে এক এক করে সব অনুপ্রবেশকারীকে বেছে দেশের বাইরে বের করে দেওয়া। অনুপ্রবেশের জন্য বাংলার জনবিন্যাস বদলে গিয়েছে।"

পটনা: বিহারের মাটি থেকে বাংলা জয়ের হুংকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শাহের দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতবে বিজেপিই। আর বাংলায় সরকার গঠন করেই সব অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।এমনই কড়া হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। অনুপ্রবেশ নিয়ে আরও একবার রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি। তাঁর দাবি, অনুপ্রবেশের জন্য বাংলার জনবিন্যাস বদলে গিয়েছে। ভারতের মাটি অনুপ্রবেশ মুক্ত করা হবে। পাল্টা অমিত শাহের পদত্যাগ দাবি করেছে তৃণমূল।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চল বিহারের আরারিয়া জেলায় সভা ছিল অমিত শাহের। সেখান থেকেই শাহ বুঝিয়ে দিলেন, পাখির চোখ বঙ্গ জয়। একইসঙ্গে বাংলা জয়েও আত্মবিশ্বাসী তিনি । অমিত শাহ বলেন, “বিহারের জনতাকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে ভারত থেকে বের করব। ভারতীয় জনতা পার্টির এটাই সঙ্কল্প। দেশের সুরক্ষার জন্য এই অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ। এবার সময় এসেছে ভারতকে অনুপ্রবেশ মুক্ত করতে হবে। গোটা সীমান্ত অঞ্চলে খুব তাড়াতাড়িই তা শুরু হবে।” তারপরই তাঁর বক্তব্যে উঠে আসে বাংলার কথা। তিনি বলেন,”বাংলাতেও ভোট আসন্ন। আমার বিশ্বাস, এবার সরকার গঠন করবে বিজেপি। আর সরকার গঠন করেই দলের প্রথম এজেন্ডা হবে এক এক করে সব অনুপ্রবেশকারীকে বেছে দেশের বাইরে বের করে দেওয়া। অনুপ্রবেশের জন্য বাংলার জনবিন্যাস বদলে গিয়েছে।”
অমিত শাহের এই দাবিকে স্বপ্ন বলে দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র তণ্ময় ঘোষ। তিনি বলেন, “বাংলায় কবে আসবেন, সে স্বপ্ন ভুলে যান। কিন্তু অনুপ্রবেশকারীকে তিনিই আগে ঢুকিয়েছেন। সেই অনুপ্রবেশকারীদের নিয়ে, তারপর আবার বের করে দেবে। এটাই তাঁর প্লট। অনুপ্রবেশকারী যে ঢুকেছে, সেটা তো আর বাংলার পুলিশ আটকায় না, আটকায় বিএসএফ। সেটা তো অমিত শাহের দফতরের অন্তর্গত। অমিত শাহ তাহলে পদত্যাগ করুক। এরকম ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আগেও দেখেছেন, বাংলা বিজেপির ছিল না, বাংলা বিজেপির হবে না।”
হাতে বড়জোড় আর একমাস। তারপরেই বঙ্গে ভোট। সূত্রের খবর, মার্চের তৃতীয় সপ্তাহেই ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন। এদিকে, ভোট আবহে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার অনুপ্রবেশ ইস্যুতে সুড় চড়িয়েছে বিজেপি। এর আগেও বাংলায় অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে। সেকারণেই বারবার এসআইআর করতে বাধা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের জন্য BSF-কে দুষেছেন। প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, সীমান্ত বিএসএফ দেখে। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব তাঁদেরই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
