Supreme Court CJI: সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত, কতদিন দায়িত্ব সামলাবেন?
Supreme Court: সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করান বিচারপতি সূর্য কান্তকে। প্রধান বিচারপতি বিআর গভাই-ই তাঁর নাম সুপারিশ করেছিলেন। তবে বিচারপতি সূর্য কান্তেরও মেয়াদ বেশি দিনের নয়। আগামী ১৪ মাসের জন্য তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বদল। মেয়াদ শেষ হল প্রধান বিচারপতি বিআর গভাইয়ের। আজ, ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি।
আজ, সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করান বিচারপতি সূর্য কান্তকে। প্রধান বিচারপতি বিআর গভাই-ই তাঁর নাম সুপারিশ করেছিলেন। তবে বিচারপতি সূর্য কান্তেরও মেয়াদ বেশি দিনের নয়। আগামী ১৪ মাসের জন্য তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম বিচারপতি সূর্য কান্তের। ১৯৮৪ সালে হিসার থেকে তাঁর আইনি পথ চলা শুরু হয়। পরে তিনি চণ্ডীগঢ়ে চলে আসেন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে প্রাকটিস করতে। এরপর দীর্ঘ পথচলা। ২০০০ সালে হরিয়ানার সবথেকে কম বয়সী অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করা হয় সূর্য কান্তকে। পরের বছর, ২০০১ সালেই তিনি সিনিয়র অ্য়াডভোকেট হয়ে যান। ২০০৪ সালে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসাবে তাঁকে নিয়োগ করা হয়।
এরপরে তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত। তারপর সুপ্রিম কোর্টে পদোন্নতি হয় তাঁর। ২০২৪ সালের নভেম্বর থেকে তিনি সুপ্রিম কোর্টের লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন।
প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণের আগেই সূর্য কান্ত বলেছেন যে তাঁর প্রথম কাজই হবে সমস্ত হাইকোর্টের সঙ্গে কথা বলা এবং জেলা ও নিম্ন আদালতে কাজ করার ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, তা চিহ্নিত করা। দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ যে মামলাগুলি পড়ে রয়েছে, তা শোনার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাঁচ, সাত ও নয় সদস্যের বেঞ্চ তৈরির ঘোষণাও করেন।
