Rahul Gandhi-Mamata Banerjee: পাশে নেই শরদ পওয়ার, রাতে হঠাৎ ফোন, কথা হল রাহুল-মমতার
INDIA Bloc: বিশেষ অধিবেশনে সহযোগিতা চেয়ে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। দুই দলের তরফেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকার আগে বিলের কপি দিক। এরপর বিরোধীরা নিজেদের অবস্থান জানাবে।

নয়া দিল্লি: সংসদের বিশেষ অধিবেশনে (Parliament Special Session) কী স্ট্র্যাটেজি হবে, তা নিয়ে ফোনে কথা হল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাহুল গান্ধীর (Rahul Gandhi) মধ্য়ে। বিরোধী ঐক্য নিয়ে কথা হল দুইজনের। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের ঐক্য নিশ্চিত করতে তৃণমূলের (TMC) তরফে সব রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনদিনের সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ৩০ নভেম্বর লোকসভায় বিশেষ অধিবেশন বসবে এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় বিশেষ অধিবেশন রয়েছে। ইতিমধ্যেই বিজেপি শাসিত এনডিএ নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে নিয়েছে।
সূত্রের খবর, আজ, শনিবারই তিন লাইনের হুইপ ইস্যু করতে চলেছে সব বিরোধী দলই। এদিকে, এখনও বিলের কপি পায়নি বিরোধী শিবির। ফলে সংসদে কী অবস্থান হবে, সেই বিষয়ে চূড়ান্ত স্ট্র্যাটেজি তৈরি করা সম্ভব হচ্ছে না।
তবে সূত্রের খবর, ইন্ডিয়া জোটের নেতৃত্বের তরফে স্ট্যালিনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শরদ পওয়ারের এনসিপির সঙ্গে আপাতত যোগাযোগ করার কোনও পরিকল্পনা নেই। তবে শরদ পওয়ার কংগ্রেসের সঙ্গে ফোনে কথা বলেছেন।
এদিকে, বিশেষ অধিবেশনে সহযোগিতা চেয়ে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। দুই দলের তরফেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকার আগে বিলের কপি দিক। এরপর বিরোধীরা নিজেদের অবস্থান জানাবে।
