US Ambassador in J&K: পাকিস্তানের মুখ চুন, জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের পাশেই দাঁড়াল আমেরিকা
Jammu Kashmir: এ দিন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত সার্গিও গোর। এরপর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। আমি প্রথমবার এখানে আসলাম। অসাধারণ সুন্দর জায়গা এটি।"

শ্রীনগর: জম্মু-কাশ্মীর নিয়ে এই প্রথম অবস্থান স্পষ্ট করল আমেরিকা। মুখ পুড়ল পাকিস্তানের, ভারত সরকারের পাশেই দাঁড়াল ট্রাম্প সরকার। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্গিও গোর (Sergio Gor) জম্মু-কাশ্মীর সফরে রয়েছেন। সেখানে দাঁড়িয়ে, আজ বুধবার (১৯ অগস্ট) তিনি বললেন, জম্মু-কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ।
এ দিন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত সার্গিও গোর। এরপর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। আমি প্রথমবার এখানে আসলাম। অসাধারণ সুন্দর জায়গা এটি। আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। আমাদের সম্পর্ক গড়া নিয়ে আশাবাদী রইলাম।”
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও বলেন, “আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। জম্মু-কাশ্মীরের জন্য আমেরিকা কী করতে পারে, তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। অবশ্যই কিছু ইস্যু আছে, তবে তা সমাধান করার জন্য আলোচনা হবে। আমরা আশাবাদী যে জম্মু-কাশ্মীর ও আমেরিকার মধ্যে সম্পর্ক আগামিদিনে আরও বৃহত্তর ও গভীর হবে।”
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর এই প্রথম কোনও শীর্ষ মার্কিন কূটনীতিক, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের স্পেশাল এনভয়ের দায়িত্বে রয়েছেন, তিনি জম্মু-কাশ্মীর সফরে এলেন। সাম্প্রতিক সময়ে সার্গিও গোরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
