Abhishek Banerjee: আরও ‘বিপাকে’ অভিষেক! তৃণমূল সাংসদকে এবার সমন পাঠাল ত্রিপুরা আদালত
Abhishek Banerjee Summoned by Tripura Court: ভিন রাজ্য থেকেও হাজিরার সমন পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ত্রিপুরার আদালত। ২০২১-এ ত্রিপুরার ভোট পরবর্তী মামলায় তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত।

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অস্বস্তি আরও বাড়ল। সই জালিয়াতি কাণ্ডে বারবার সিআইডি-র (CID) তলবেও হাজিরা দেননি। দিল্লি থেকেও কলকাতায় ফিরছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে এবার আরও বিপাকে পড়লেন অভিষেক। ভিন রাজ্য থেকেও হাজিরার সমন পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ত্রিপুরার আদালত। ২০২১-এ ত্রিপুরার ভোট পরবর্তী মামলায় (Post Poll Violence) তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত।
ঠিক অভিযোগ কী?
২০২১ সালে ভোট পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে সমন পাঠানো হয়েছে বলে খবর। ২০২১ সালে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় যোগ রয়েছে অভিষেকের। এমনই অভিযোগ দায়ের হয় খোয়াই থানায়। সেই মামলাতেই ২২ জুন তাঁকে খোয়াই আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, অভিষেককে এই সমন স্পিড পোস্টে পাঠানো হয়নি। আলিপুর আদালত মারফত সমন পাঠানো হয়। জানা গিয়েছে, এই সমন নিয়ে আলিপুর আদালতের একজন বেলিফ ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। ওই ঠিকানা অবশ্য তৃণমূলের সদর দফতরও। সেখানেই সমন নিয়ে পৌঁছন ওই বেলিফ। নির্দেশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিস দিতে হবে। তিনি না থাকলে, দেওয়ালে নোটিস সাঁটিয়ে দিতে হবে।
দিল্লিতে রয়েছেন অভিষেক। সেইকারণে ওই বেলিফ দেওয়ালে নোটিস সাঁটাতে গেলে, তাঁকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেইসময় কুণাল ঘোষ বাড়ি থেকে বেরিয়ে আসেন। ওই বেলিফের সঙ্গে কথা বলেন। তারপর কুণালই সই করে নোটিসটি গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।
এদিকে, সই জালিয়াতি কাণ্ডে বারবার সিআইডির তলব সত্ত্বেও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও শারীরিক অসুস্থতা আবার কখনও দিল্লিতে থাকার কারণ দেখিয়ে সময় চেয়েছেন। এদিকে, সই জালিয়াতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। আজ সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ত্রিপুরা আদালতের সমনে অভিষেকের বিপদ আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি কি আদৌ ত্রিপুরা আদালতে হাজিরা দেবেন? সেই প্রশ্নও উঠছে।
