Anubrata Mondal: এবার মমতার সঙ্গ ছাড়ছেন অনুব্রতও?
Anubrata Mondal Joins Ritabrata Banerjee: শুক্রবার বিধানসভায় এসেছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। দুপুরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রতের সঙ্গে তাঁর একটি বৈঠক হয়। সূত্রের খবর, ওই বৈঠকের পরই বিধানসভা থেকে ঋতব্রত শিবিরের এক বিধায়ক সরাসরি ফোন করেন অনুব্রত মণ্ডলকে।

কলকাতা: আরও নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর হাত ছাড়ছেন প্রিয় কেষ্টও! সূত্র মারফত জানা যাচ্ছে, নেত্রীর সঙ্গ ছেড়ে তিনি যোগ দিতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। এই বিষয়ে ইতিমধ্যেই কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে, কেবল আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি। আগামী শনিবারই সেই ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। সূত্রের খবর, বীরভূম জেলার প্রাক্তন – বর্তমান কোনও নেতাই থাকছেন না কালীঘাট তৃণমূলে।
শুক্রবার বিধানসভায় এসেছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। দুপুরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রতের সঙ্গে তাঁর একটি বৈঠক হয়। সূত্রের খবর, ওই বৈঠকের পরই বিধানসভা থেকে ঋতব্রত শিবিরের এক বিধায়ক সরাসরি ফোন করেন অনুব্রত মণ্ডলকে। আর সেই ফোনেই দলবদলের বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত হয়ে যায়।
জানা যাচ্ছে, ঋতব্রতপন্থী তৃণমূলের বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে অনুব্রতকে। ফোনেই এই পদের জন্য তাঁর সম্মতি চাওয়া হলে তিনি সবুজ সংকেত দেন। শনিবার ঋতব্রত শিবিরের কর্মসমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তার পরেই সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডলের এই নতুন পদপ্রাপ্তি ও যোগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। এই ঘটনা বাংলার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে চলেছে।
ইতিমধ্যে ফিরহাদ হাকিম, অরূপ রায়-সহ তৃণমূলের প্রথম সারির একাধিক নেতা কালীঘাট শিবির ছেড়েছেন। কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যও। এ বার মমতার সঙ্গ ছাড়তে চলেছেন অনুব্রতও।
