Supreme Court Indranil Sen: ‘অপ্রাসঙ্গিক আবেদন’, গ্রেফতারির পর সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেলেন ইন্দ্রনীল সেন
Indranil Sen Bail Application: আগেই গ্রেফতারির আশঙ্কা করেছিলেন মমতা আমলের মন্ত্রী। সেই কারণে কয়েক দিন আগে আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত বেঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে সে দিন শুনানি হয়নি।

নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট থেকে ইন্দ্রনীল সেনের মামলা প্রত্যাহার। সুপ্রিমকোর্টে দায়ের করা মামলা শীর্ষ আদালত থেকে প্রত্যাহার করে নিলেন তাঁর আইনজীবী। আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল সেন। এদিকে, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ইন্দ্রনীল, তাই আর আগাম জামিনের আবেদনের প্রাসঙ্গিকতা নেই। আগাম জামিনের আবেদন খারিজ করে, রেগুলার জামিনের আবেদন করার নির্দেশ দিলেন বিচারপতি এম এম সুন্দরেশ এবং প্রসন্ন ভি ভারালের বেঞ্চ।
আগেই গ্রেফতারির আশঙ্কা করেছিলেন মমতা আমলের মন্ত্রী। সেই কারণে কয়েক দিন আগে আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত বেঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে সে দিন শুনানি হয়নি।
এর পরদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টি মেনশন করেন তাঁর আইনজীবী, ঘটনাচক্রে সেদিনই গ্রেফতার হন ইন্দ্রনীল।
যেহেতু এই মামলা আগেই তালিকাভুক্ত ছিল, তাই সুপ্রিম কোর্টে বিচারপতি এম এম সুন্দরেশ এবং প্রসন্ন ভি ভারালের বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। আগাম জামিনের বিষয়ে আজ সুপ্রিম কোর্টকে জানান তাঁর আইনজীবী। কিন্তু গ্রেফতার হওয়ার পর যেহেতু আগাম জামিনের আবেদন আইনত অপ্রাসঙ্গিক, তাই প্রত্যাহার করার নির্দেশ দেন বিচারপতি।
সুপ্রিমকোর্টের তরফে বলা হয়, “রেগুলার জামিনের আবেদন করুন। আমরা কনসিডার করব। হাইকোর্টকেও বলব যাতে এক্সপিডাইট করে। কিন্তু এই অবস্থায় আমরা হস্তক্ষেপ করতে চাই না। আমরা কিছু বললে তদন্তে তার প্রভাব পড়বে”। সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, “ওর বিরুদ্ধে অত্যন্ত সিরিয়াস অভিযোগ আছে।”
