Calcutta High Court: ‘বিকাল চারটেয় ছুটি হলে কাজ করে বাড়ি যাবেন কখন?’ সেনশাসের কাজে শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তুষ্ট আদালত
Census Duty Teacher Recruitment: রাজ্যের কাছে বিচারপতি রাওয়ের প্রশ্ন, "আপনার বাড়ি মাত্র ৬ কিমি। শনিবার ছুটির দিন। শিক্ষকরা শনিবারেও ক্লাস করেন। ১০- ৪ স্কুলের টাইম। তাহলে সেনসাসের সময় কোথায়?" রাজ্যের জবাব, "শিক্ষকরা তো চারটে পর্যন্ত থাকেন না, সেটা কি আদালত নোট করবে?"

কলকাতা: সেনশাসের কাজের জন্য শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তুষ্ট আদালত। দিনে ৪০ কিমি যাতায়াত করে কি আদৌ এই কাজ করা সম্ভব? প্রশ্ন আদালতের। শুক্রবার এই মামলার শুনানি ছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। বিচারপতির প্রশ্ন, কখন স্কুল করবেন শিক্ষকরা, কখন কাজে যাবেন? নিয়োগের আগে বায়োডাটা কেন পরীক্ষা করেননি? তাঁরা কোথা থেকে কাজে আসছেন, সেটা কেন দেখা হয়নি। রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি।
বিচারপতির পর্যবেক্ষণ, এই কাজ স্কুলের পাশেই নয়, যে তাঁরা সহজে চলে যাবেন। বিকাল চারটেয় ছুটি হলে অন্য জায়গায় গিয়ে কাজ করে বাড়ি যাবেন কখন? রাজ্যের বক্তব্য, সেনসাস খুব গুরুত্বপূর্ণ কাজ সব রাজ্যে হচ্ছে। সেখানে এত সমস্যা নেই।
রাজ্যের কাছে বিচারপতি রাওয়ের প্রশ্ন, “আপনার বাড়ি মাত্র ৬ কিমি। শনিবার ছুটির দিন। শিক্ষকরা শনিবারেও ক্লাস করেন। ১০- ৪ স্কুলের টাইম। তাহলে সেনসাসের সময় কোথায়?” রাজ্যের জবাব, “শিক্ষকরা তো চারটে পর্যন্ত থাকেন না, সেটা কি আদালত নোট করবে?” বিচারপতি রাওয়ের পরামর্শ, “একসঙ্গে সবাইকে না নিয়ে ৪-৫ জন করে নিলে বাকিরা স্কুলে কাজ সামলাতেন। বা এক দিন অন্তর করতে পারতেন। রাজ্য চাইলে অনেক কিছু করতে পারত। অন্যন্য ব্যবস্থা করুন। বাড়ি কখন যাবেন?”
আজ মামলাকারীরা তাঁদের যাবতীয় তথ্য অর্থাৎ কোথায় থাকেন, কোথায় স্কুল, টাইমিং ইত্যাদি এসজি-কে দেবেন। রাজ্য মঙ্গলবার মামলাকারীদের নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালতকে।
