Suvendu Adhikari: ‘ধর্মীয় আস্থায় আঘাত পড়ে এমন কিছু সরকারও যেমন করবে না, আপনারাও করবেন না’, সংবাদমাধ্যমকে কড়া বার্তা শুভেন্দুর
Suvendu Adhikari at Nabanna: নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "এমন কিছু ভাষা বা শব্দ প্রয়োগ করব না, যাতে কোনও ধর্মীয় আস্থায় আঘাত পড়ে। এটা আমাদের সকলকে দেখতে হবে। ধর্মীয় আস্থায় আঘাত পড়ে এমন কিছু সরকারও যেমন করবে না। তেমনি আপনারাও করবেন না। আমার এই চারমাস সময়কালে অনেকগুলো ধর্মীয় অনুষ্ঠান হয়েছে।"

কলকাতা: ধর্মীয় আস্থায় আঘাত মেনে নেওয়া হবে না। সেক্ষেত্রে ভাষা ও শব্দ নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এমন কিছু ভাষা বা শব্দ প্রয়োগ করবেন না, যাতে কোনও ধর্মীয় আস্থায় আঘাত পড়ে।” পাশাপাশি, সংবাদমাধ্যমের কী কী করণীয়, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
কী বললেন মুখ্যমন্ত্রী?
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এমন কিছু ভাষা বা শব্দ প্রয়োগ করব না, যাতে কোনও ধর্মীয় আস্থায় আঘাত পড়ে। এটা আমাদের সকলকে দেখতে হবে। ধর্মীয় আস্থায় আঘাত পড়ে এমন কিছু সরকারও যেমন করবে না। তেমনি আপনারাও করবেন না। আমার এই চারমাস সময়কালে অনেকগুলো ধর্মীয় অনুষ্ঠান হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এগুলো আমরা সরকারের পক্ষ থেকে বেঁধে দিয়েছি। কিন্তু, ধর্মীয় আস্থা পালনের ক্ষেত্রে কাউকে বাঁধা দিয়েছি, এমন কোনও উদাহরণ কোনও সম্প্রদায়ের ক্ষেত্রে কোনও সংবাদমাধ্যম পাবেন না। তাই আপনাদেরও আমি অনুরোধ করব দেশপ্রেম ও ধর্মীয় আস্থার ক্ষেত্রে এমন কোনও শব্দ বা বাক্য প্রয়োগ করা উচিত নয়, যাতে দেশ দুর্বল হবে, এবং ধর্মীয় আস্থায় আঘাত আনবে।”
সংবাদমাধ্যমকে কড়া বার্তা
মুখ্যমন্ত্রী এও বুঝিয়ে দিয়েছেন,বিজেপি সরকারের সমালোচনা নিয়ে কোনও সমস্যা নেই। সংবাদ-মাধ্যম তার কাজ করতেই পারে। তবে, দেশপ্রেম নিয়ে কঠোর নীতি নিয়ে চলার বার্তা দিয়েছেন। তিনি বলেন,”রাষ্ট্রের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে আপনারা সবাই কঠোর নীতি নিয়ে চলবেন। কারণ আমরা সবাই মনে করি নেশন ফার্স্ট। স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গের ভূমিকা আমরা সকলেই জানি। দেশ দুর্বল হোক, দেশে অস্থিরতা তৈরি হোক, এমন কোনও কাজ আমরা করব না। এটুকু আমরা আপনাদের কাছ থেকে আশা করব।”
