Election Commission of India: ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে, তারাও নাম তুলতে পারবেন! বড় নির্দেশ এল কমিশনের
Special Summery Revision: কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ২ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির পুনর্বিন্যাস ও যুক্তিসঙ্গত বিন্যাসের কাজ শেষ করতে হবে। ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১১ ডিসেম্বর পর্যন্ত নাম তোলা, বাদ দেওয়া এবং তালিকায় থাকা তথ্য সংশোধনের জন্য আবেদন ও আপত্তি জানানো যাবে।

কলকাতা: ভোটার তালিকা নিয়ে বড় খবর। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী বছর, ২০২৭ সালের ১৬ জানুয়ারি। এই কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা স্পেশাল সামারি রিভিশনের (SSR) নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
কমিশনের নির্দেশ-
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আগামী বছরের ১ জানুয়ারিকে যোগ্যতা নির্ধারণের দিন ধরে এই সংশোধন প্রক্রিয়া চলবে। সবশেষে ৪ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন হল ১৬ জানুয়ারি। পাশাপাশি ২০২৭ সালের ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর যাঁরা ভোটার হওয়ার যোগ্য হবেন, তাঁদের কাছ থেকেও আগাম আবেদন নেওয়া হবে।
যোগ্য হওয়া সত্ত্বেও, যাদের ভোটার তালিকায় নাম ওঠেনি এবং নতুন ভোটারদের নাম তালিকায় সংযুক্ত করে ফের চূড়ান্ত তালিকায় প্রকাশ করবে কমিশন। তার আগে আপত্তি বা আবেদন জানানোর সুযোগ দিতেই প্রকাশ করা হবে খসড়া তালিকা।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ২ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির পুনর্বিন্যাস ও যুক্তিসঙ্গত বিন্যাসের কাজ শেষ করতে হবে। ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১১ ডিসেম্বর পর্যন্ত নাম তোলা, বাদ দেওয়া এবং তালিকায় থাকা তথ্য সংশোধনের জন্য আবেদন ও আপত্তি জানানো যাবে। ২৮ ডিসেম্বরের মধ্যে সেই আবেদন ও আপত্তির নিষ্পত্তি করতে হবে।
সাহায্য করবেন বিএলও-রা-
ভোটার তালিকা সংশোধনের কাজে সাধারণ মানুষকে সাহায্য করতে বিশেষ প্রচার অভিযান চালানো হবে। আগামী ২৮ ও ২৯ নভেম্বর এবং ৫, ৬, ১২, ১৩, ১৯ ও ২০ ডিসেম্বরে এই বিশেষ শিবির বসবে। প্রতিটি নির্ধারিত ভোটকেন্দ্রে বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO)-রা উপস্থিত থাকবেন। সেখানে নতুন ভোটার হিসেবে নাম তোলা, ভোটার তালিকায় থাকা তথ্য সংশোধন এবং দাবি-আপত্তি জমা দেওয়ার বিষয়ে সাহায্য করবেন। স্বীকৃত রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বা বিএলএ (BLA)-রাও এই দিনগুলিতে উপস্থিত থাকতে পারবেন।
ঠিকানার তথ্যেও আসছে পরিবর্তন-
নতুন ভোটার তালিকায় ঠিকানার তথ্য আরও সুনির্দিষ্টভাবে সাজানো হবে। বাড়ি বা ফ্ল্যাট নম্বর, তলা, বিল্ডিং বা টাওয়ার নম্বর, অ্যাপার্টমেন্ট, রাস্তা, এলাকা, গ্রাম বা শহর, জেলা, রাজ্য এবং পিন কোডের মতো তথ্য রাখা হবে। এর মধ্যে বাড়ি বা ফ্ল্যাট নম্বর, রাস্তা, এলাকা, গ্রাম বা শহর, জেলা, রাজ্য এবং পিন কোডের তথ্য বাধ্যতামূলক। বাড়ির নম্বর না থাকলে প্রয়োজনে একটি অস্থায়ী বা কাল্পনিক নম্বর দেওয়া হবে। তবে সেটি যে প্রকৃত নম্বর নয়, তা স্পষ্ট করে উল্লেখ থাকবে।
একই পরিবারের সদস্যদের নাম থাকবে একই বুথে-
নতুন ভোটকেন্দ্র তৈরি বা পুরনো বুথের পুনর্বিন্যাসের সময় একই বাড়ির পরিবারের সদস্যদের আলাদা বুথে ভাগ করা হবে না। যতটা সম্ভব একই বাড়ি, বিল্ডিং বা এলাকার বাসিন্দাদের একই ভোটার তালিকার অংশে রাখার চেষ্টা করা হবে।
বিএলও (BLO)-রা প্রত্যেক ভোটারের ছবি যাচাই করবেন। ঝাপসা, ভুল বা নিম্নমানের ছবি থাকলে নতুন ছবি নেওয়া হবে। ছবি পরিবর্তনের জন্য ফর্ম-৮ (Form 8) জমা দিতে হবে। অন্যদিকে, মৃত ভোটার, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটার এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম নিয়ম মেনে বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ধরনের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ফর্ম-৭ (Form 7) ব্যবহার করা হবে।
নতুন ভোটারদের জন্য বিশেষ সুযোগ-
যাঁদের বয়স ২০২৭ সালের ১ জানুয়ারিতে ১৮ বছর পূর্ণ হবে, তাঁরাও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে পারবেন। যাঁদের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি, তাঁদেরও এই প্রক্রিয়ায় নাম তোলার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।
