Control Room: হাসপাতালের পরিষেবা উন্নয়নে জোর, ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম গড়ল সরকার
Control Room: কন্ট্রোল রুমটি সপ্তাহে সোমবার থেকে শনিবার দু’টি শিফটে চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টো এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কন্ট্রোল রুমের দৈনন্দিন কাজকর্ম তদারকির দায়িত্বে থাকবেন হাসপাতাল প্রশাসনের ডিরেক্টর। পাশাপাশি রিপোর্ট বিশ্লেষণ ও উপস্থাপনার কাজে যুক্ত থাকবেন এসপিএসআরসি এবং বিশ্বব্যাঙ্ক প্রকল্পের পরামর্শদাতারাও।

কলকাতা: হাসপাতাল পরিষেবা নজরদারিতে রাজ্যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম গঠন করল রাজ্য সরকার। রাজ্যের হাসপাতাল পরিষেবার মানোন্নয়ন, বিভিন্ন পরিষেবার উপর নজরদারি এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও জোরদার করতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম গঠন করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
স্বাস্থ্য ভবনের ৫ম তলায় এই কন্ট্রোল রুমটি চালু করা হয়েছে। হাসপাতাল পরিষেবার কার্যকারিতা, নির্ধারিত মানদণ্ড মেনে চলা, ফিল্ড ইউনিটের সঙ্গে সমন্বয় এবং গুরুত্বপূর্ণ কর্মদক্ষতা সূচকের উপর নজর রাখাই এই কন্ট্রোল রুমের মূল কাজ হবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কন্ট্রোল রুমে মোট ১২ জন আধিকারিক ও কর্মী থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন সহযোগী অধ্যাপক, মেডিক্যাল অফিসার, ডিএসএনএম, স্টেট কনসালট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর।
কন্ট্রোল রুমটি সপ্তাহে সোমবার থেকে শনিবার দু’টি শিফটে চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টো এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কন্ট্রোল রুমের দৈনন্দিন কাজকর্ম তদারকির দায়িত্বে থাকবেন হাসপাতাল প্রশাসনের ডিরেক্টর। পাশাপাশি রিপোর্ট বিশ্লেষণ ও উপস্থাপনার কাজে যুক্ত থাকবেন এসপিএসআরসি এবং বিশ্বব্যাঙ্ক প্রকল্পের পরামর্শদাতারাও। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, আগের নির্দেশ অনুযায়ী রেফারাল কন্ট্রোল রুমও একই স্থানে কাজ চালিয়ে যাবে। নতুন এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, এই উদ্যোগের ফলে হাসপাতাল পরিষেবায় স্বচ্ছতা বাড়বে, দ্রুত সমস্যা চিহ্নিত করা যাবে এবং রোগী পরিষেবার মান আরও উন্নত হবে বলে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মত।
