Calcutta High Court: মমতার মিছিলের জন্য হাইকোর্টে কালীঘাট তৃণমূল, ‘খোঁচা’ দিয়ে কী বললেন শমীক?
Mamata Banerjee Srirampur Rally: বিচারপতি অনুমতি দিলে রাজ্যে পালাবদলের পর কলকাতার বাইরে কোনও মিছিলে পা মেলাবেন মমতা। রাজ্যে পালাবদলের পর এখন সাংবাদিক বৈঠক করেন না মমতা। ফেসবুক লাইভে নিজের বার্তা দেন। ভোটে ভরাডুবির পর একুশে জুলাই ও TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতাকে তৃণমূল কর্মী, সমর্থকদের বার্তা দিতে দেখা গিয়েছে।

কলকাতা: হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এই অভিযোগ তুলে মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। সোমবার আদালতের দ্বারস্থ হন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চলতি সপ্তাহে আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে, মমতার মিছিল নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এদিন স্পষ্ট করে দেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মিছিল করতেই পারেন।
বর্তমান রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। আগামী ১১ সেপ্টেম্বর মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিল করতে চায় তারা। ওই মিছিলে থাকতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। অসিত মজুমদারের অভিযোগ, প্রতিবাদ মিছিলের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু, পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। পুলিশের কাছ থেকে অনুমতি না পেয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
এদিন মামলাটি দায়ের করার অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চলতি সপ্তাহেই আবেদনের শুনানির সম্ভাবনা। বিচারপতি অনুমতি দিলে রাজ্যে পালাবদলের পর কলকাতার বাইরে কোনও মিছিলে পা মেলাবেন মমতা। রাজ্যে পালাবদলের পর এখন সাংবাদিক বৈঠক করেন না মমতা। ফেসবুক লাইভে নিজের বার্তা দেন। ভোটে ভরাডুবির পর একুশে জুলাই ও TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতাকে তৃণমূল কর্মী, সমর্থকদের বার্তা দিতে দেখা গিয়েছে।
কী বলছেন শমীক ভট্টাচার্য?
মমতার মিছিল নিয়ে এদিন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “উনি মিছিল করতেই পারেন। হাঁটা, চলা শরীরের পক্ষে ভালো। তিনি সুস্থ থাকুন। ভালো থাকুন। কাজের মধ্যে থাকুন। গতিময়তা থাকুক তাঁর মধ্যে। তিনি এপার-ওপার ছোটাছুটি করুন। তিনি দিল্লিতে গিয়ে ধরনা দিন। মঙ্গলগ্রহ অভিযান করুন। ওঁর যেটা করার ইচ্ছা, তা করবেন।”
