Bratya Basu Net Worth: গাড়ি নেই, কোটি টাকার শুধু FD-ই আছে! ব্রাত্য বসুর ব্যাঙ্ক ব্যালেন্স চমকে দেবে…
Bratya Basu Assets: ব্রাত্য বসু ও তাঁর স্ত্রীর নামে কোনও জমি-জমা নেই। লেকটাউনে ২৫০০ স্কোয়ারফুটের একটি ফ্ল্যাট রয়েছে ব্রাত্য বসুর। তাঁর স্ত্রীর নামে কোনও ফ্ল্যাট বা বাড়ি নেই। ব্রাত্য বসুর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৫ লক্ষ টাকার।

কলকাতা: দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন অধ্যাপনার সঙ্গে। নাট্যকার, অভিনেতা হিসাবেই পরিচিত। সেখান থেকেই রাজনীতিতে প্রবেশ। দীর্ঘ ১৪ বছর ধরে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি। এখন পুরোদমে রাজনীতির সঙ্গেই যুক্ত ব্রাত্য বসু (Bratya Basu)। তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পরিচিত মুখ তিনি। বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে দ্বিধা করেন না। এক সময়ে সিটি কলেজের বিবি স্যার এখন রাজ্যের শিক্ষামন্ত্রী। এবার দমদম কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন ব্রাত্য বসু। একাধিক পেশার সঙ্গে যুক্ত, ব্রাত্যর আয় কত জানেন? তাঁর মোট সম্পত্তিই বা কত?
ব্রাত্যর পুরো নাম ব্রাত্যব্রত বসু। প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। দীর্ঘদিন ধরেই অধ্য়াপনার সঙ্গে যুক্ত ছিলেন ব্রাত্য বসু। তবে ২০১৬ সালে দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পর তিনি স্বেচ্ছাবসর নেন।
২০২০-২১ অর্থবর্ষে ব্রাত্য বসুর আয় ছিল ৪ লক্ষ ৯১ হাজার ৫৮০ টাকা। ২০২১-২০২২ সালে তাঁর আয় বেড়ে দাঁড়ায় ৫ লক্ষ ২৫ হাজার ৭৮০ টাকায়। ২০২২-২৩ অর্থবর্ষে আয় দাঁড়ায় ১৪ লক্ষ ৩৮ হাজার ১৩০ টাকায়। ২০২৩-২৪ অর্থবর্ষে ব্রাত্য বসুর আয় ছিল ১৪ লক্ষ ৫২ হাজার ৭৫০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে আয় পৌঁছয় ২৫ লক্ষ ৬৩ হাজার ৭৩০ টাকায়।
ব্রাত্য বসুর স্ত্রী, পৌলমী বসুর ২০২০-২১ অর্থবর্ষে আয় ছিল ৭ লক্ষ ৬৩ হাজার ৩৪০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় কমে ৬ লক্ষ ৮৬ হাজার ৭৬০ টাকা হয়। পরের অর্থবর্ষ থেকেই আয় বেশ অনেকটা বাড়ে। ২০২২-২৩ অর্থবর্ষে ব্রাত্যর স্ত্রীর আয় ছিল ১৫ লক্ষ ৫৯ হাজার ৬৩০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়ায় ২৪ লক্ষ ৪৭ হাজার ৪৩০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে সেই আয় আবার কমে দাঁড়ায় ১৫ লক্ষ ৭০ হাজার ৬৯০ টাকা।
ব্রাত্য বসুর নামে কোনও এফআইআর নেই।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, ব্রাত্য বসুর হাতে নগদ রয়েছে ৪০ হাজার টাকা। তাঁর স্ত্রীর হাতে নগদ রয়েছে ৩০ হাজার টাকা। ব্রাত্য বসুর নামে ৩৫ লক্ষ ২৩ হাজার ৬৮২ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। পিপিএফ আছে ৪৪ লক্ষ ৩০ হাজার ২৭৭ টাকার। টার্ম ডিপোজিট আছে ৩৫ লক্ষ টাকার। পোস্ট অফিসের সেভিং স্কিমে জমা রয়েছে ১২ লক্ষ ৮৮ হাজার ৪৮৩ টাকা।
ব্রাত্য বসুর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ১ কোটি ৫৩ লক্ষ ১ হাজার ২৪৬ টাকা রয়েছে। আরেক অ্যাকাউন্টে ৬৭ লক্ষ ৫ হাজার ৩৯৭ টাকা আছে, আরেকটি অ্যাকাউন্টে ৫০ হাজার ৫৮৯ টাকা আছে। নির্বাচনে খরচের জন্য একটি অ্যাকাউন্টে ২০ হাজার টাকা আছে।
ব্রাত্য বসুর স্ত্রীর নামে ৪৫ লক্ষ ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট আছে। ওই ফিক্সড ডিপোজিটে সুদ পেয়েছেন ১১ লক্ষ ৭২ হাজার ২৯৬ টাকার। এছাড়া আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ লক্ষ ৯০ হাজার ১৬০ টাকা আছে।
ব্রাত্য ও তাঁর স্ত্রীর নামে কোনও ঋণ নেই। হলফনামায় দুজনেরই কোনও গাড়ি নেই বলে উল্লেখ করা হয়েছে।
ব্রাত্য বসুর কাছে ১০০ গ্রাম সোনা আছে, যার দাম আনুমানিক ১৫ লক্ষ ৩৩ হাজার টাকা। ব্রাত্য বসুর স্ত্রীর কাছে ৩৮০ গ্রাম সোনা রয়েছে, যার দাম ৫৮ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা।
ব্রাত্য বসুর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১৬ লক্ষ ৪ হাজার ১৯২ টাকা। ব্রাত্য বসুর স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ১২ লক্ষ ৫৬ হাজার ৩৩৯ টাকার।
ব্রাত্য বসু ও তাঁর স্ত্রীর নামে কোনও জমি-জমা নেই। লেকটাউনে ২৫০০ স্কোয়ারফুটের একটি ফ্ল্যাট রয়েছে ব্রাত্য বসুর। তাঁর স্ত্রীর নামে কোনও ফ্ল্যাট বা বাড়ি নেই। ব্রাত্য বসুর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৫ লক্ষ টাকার।
ব্রাত্য বসু নিজের আয়ের উৎস হিসাবে অভিনেতা, পরিচালক ও বিধায়ক বলে উল্লেখ করেছেন। পাশাপাশি অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসাবে পেনশন পান। তাঁর স্ত্রী পেশায় অভিনেত্রী।
