PM Narendra Modi: নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবাসীকে চিঠি মোদীর, কী লিখলেন প্রধানমন্ত্রী?
West Bengal assembly election 2026: এই বিধানসভা নির্বাচনে সবাইকে সঠিক পদক্ষেপের আবেদন জানিয়ে মোদী লেখেন, "এই নির্বাচনে আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কেবল নিজেদের জন্য নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ প্রশস্ত করতে হবে।" এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী বিজেপির সঙ্গে থাকবে বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী।

কলকাতা: বাংলায় ভোটের আবহে বঙ্গবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে বাংলার নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। একইসঙ্গে গত ১৫ বছরের তৃণমূল সরকারের শাসনকে নিশানা করেন। চিঠিতে মোদী বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে জেতাবেন বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী।
বাংলায় লেখা চিঠির শুরুতেই মা কালীর কাছে প্রার্থনা করে প্রধানমন্ত্রী লেখেন, “আজকের এই শুভদিনে আমি মা কালীর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা জানাচ্ছি যেন, আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী নতুন উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারেন।”
এরপরই তৃণমূলকে নিশানা করে চিঠিতে মোদী লেখেন, “বিগত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গবাসী অপশাসন, বিশৃঙ্খল ও দুর্নীতির শিকার, যা সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির ওপর চরম আঘাত হেনেছে। আজ যখন আমি পশ্চিমবঙ্গবাসীর দুঃখ এবং বেদনা দেখি, তখন আমার মন ব্যথিত ও ভারাক্রান্ত হয়। বর্তমান রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলে মা-বোনেদের নিরাপত্তা, যুবসমাজের কর্মসংস্থান এবং গরিব মানুষের অধিকার থেকে পশ্চিমবঙ্গ আজ বঞ্চিত।”
চিঠিতে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোদী লেখেন, “আমরা ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ে তুলব, যেখানে প্রত্যেক গরিব মানুষের মাথার উপরে ছাদ থাকবে, সবার পাতে ভাত থাকবে, মহিলারা নির্ভয়ে ও নিরাপদে বাড়ির বাইরে বের হতে পারবে এবং যুবসমাজকে কাজের খোঁজে নিজের ঘর ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।”
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এই অবস্থার পরিবর্তন হবে জানিয়ে চিঠিতে মোদী লেখেন, “আজ আমি আপনাদের কথা দিচ্ছি, রাজ্যে বিজেপি সরকার আসার পর পশ্চিমবঙ্গ সমগ্র দেশের সঙ্গে উন্নয়নের পথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে এবং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ‘বিকশিত ভারত’-এর পথপ্রদর্শক হয়ে উঠবে।”
এই বিধানসভা নির্বাচনে সবাইকে সঠিক পদক্ষেপের আবেদন জানিয়ে মোদী লেখেন, “এই নির্বাচনে আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কেবল নিজেদের জন্য নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ প্রশস্ত করতে হবে।” এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী বিজেপির সঙ্গে থাকবে বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, “আমি দৃঢ় বিশ্বাসী ও আস্থাবান, পশ্চিমবঙ্গের মানুষ এবার ভারতীয় জনতা পার্টি এবং আমার উপর ভরসা রেখে আমাদের এক ঐতিহাসিক জয় উপহার দেবেন।” চিঠির শেষে ফের রাজ্যের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
