Suvendu Adhikari: দেড় হাজার নয়, মাসে সাড়ে চার হাজার টাকা পাবেন দিব্যাঙ্গরা, কীভাবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Disability Scheme: শুভেন্দু অধিকারী বলেন, "আরেকটা সুখবর আমি দেব দিব্যঙ্গজনদের জন্য। আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ম-নীতি আমরা করেছি। ইতিমধ্যেই এক কোটি ৪৮ লক্ষ মহিলা পেয়েছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বরে আমরা টাকা ট্রান্সফার করব। সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে। এমন ১ লক্ষ ২৪ হাজার দিব্যঙ্গজন বোন বা দিদি রয়েছেন, যাঁরা ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে পড়েন।"

কলকাতা: বিগত সরকারের আমলে বিধবা-বার্ধক্য-দিব্যাঙ্গ (বিশেষভাবে সক্ষম) ভাতা এক হাজার টাকা দেওয়া হতো। তবে, আজ থেকে দেড় হাজার করে অ্যাকাউন্টে ঢুকবে। নবান্ন থেকে বর্ধিত হারে ভাতা চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে, দিব্যাঙ্গ অর্থাৎ বিশেষভাবে সক্ষমদের দেওয়া হবে বাড়তি সুযোগ। তাঁরা শুধু দেড় হাজার নয়, মাসে মাসে পাবেন সাড়ে চার হাজার টাকা। কীভাবে মিলবে এই অতিরিক্ত টাকা? তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।
আবেদন করতে হবে অন্নপূর্ণা যোজনায়
দিব্যঙ্গদের অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদনের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “আরেকটা সুখবর আমি দেব দিব্যাঙ্গজনদের জন্য। আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ম-নীতি আমরা করেছি। ইতিমধ্যেই এক কোটি ৪৮ লক্ষ মহিলা পেয়েছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বরে আমরা টাকা ট্রান্সফার করব। সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে। এমন ১ লক্ষ ২৪ হাজার দিব্যাঙ্গজন বোন বা দিদি রয়েছেন, যাঁরা ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে পড়েন। আমরা দু’টো ভাতা দিচ্ছি না। তবে, দিব্যাঙ্গজনদের বলেছি যাঁরা ২৫ থেকে ৬০ বয়সী, তাঁরা দেড় হাজার টাকা ভাতাও পাবেন, সঙ্গে অন্নপূর্ণার তিন হাজার টাকাও পাবেন। অর্থাৎ মাসে তাঁরা সাড়ে চার হাজার টাকা করে পাবেন।”
আর কী বললেন মুখ্যমন্ত্রী?
বর্ধিত হারে ভাতা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “অগস্ট মাসে যে ভাতা বৃদ্ধি হয়েছে তা আজ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। অর্থাৎ আপনারা যাঁরা জুলাই মাস পর্যন্ত মাসে এক হাজার করে পেতেন তাঁরা আজ অগস্ট মাসের বেনেফিট হিসেবে দেড় হাজার করে পেলেন।” এরপরই বিগত সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমরা আজ কার্যত অর্থনৈতিকভাবে দেউলিয়া রাজ্যে পরিণত হয়ে গিয়েছিলাম।এই জায়গা থেকে বেরিয়ে আসতে আরও এক বছর সময় লাগবে বলে আমি মনে করি। কেন্দ্রীয় সরকারের টাকা আসছে।” তিনি আরও জানান, ১৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে।
