Mohsin Naqvi: আবার ট্রফি বিতর্ক, মহসিন নকভির মহিলাদের এশিয়া কাপ ফাইনালে থাকা নিয়ে জল্পনা!
Womens' Asia Cup 2026: এই এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। দিন দুয়েক আগেই দুবাইতে মুখোমুখি হয়েছিল ভারত-পাক। প্রথমে ব্যাট করে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। এরপর মাত্র ৯ ওভারের মধ্যে ৭ উইকেটের বিশাল জয় পায় টিম ইন্ডিয়া।

দুবাই: এসিসি মহিলা এশিয়া কাপ ২০২৬-এর ফাইনালের আগে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের কেন্দ্রে, মহসিন নকভি। হ্যাঁ, ইনি সেই মহসিন নকভি, যিনি গতবছর ভারতের এশিয়া কাপের ট্রফিটি এখনও দেননি। সেই নকভির আরও একটি পরিচয় আছে। ইনি পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা এসিসি-র সভাপতি। দুবাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন তিনি, ফলে বিতর্ক আরও বাড়তে পারে।
বিভিন্ন সংবাদসূত্রের খবর, আগামী ১৩ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন নকভি। হরমনপ্রীত কৌরের ভারত যদি ফাইনালে পৌঁছায় ও শেষ অবধি খেতাব জিততে পারে, তাহলে নকভির উপস্থিতি ট্রফি বিতরণী মঞ্চকে আরও চর্চার কেন্দ্রবিন্দুতে আনতে পারে। কারণ ২০২৫ সালে এই দুবাইতে গত বছরের পুরুষদের এশিয়া কাপ ফাইনালের সময় একটি বড়সড় বিতর্ক হয়েছিল নকভিকে নিয়ে। সেই মেগা ফাইনালে ভারত পাকিস্তানকে হারালে নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল টিম ইন্ডিয়া। যার ফলে ট্রফি আর পাওয়া হয়ে ওঠেনি ভারতের। সেই সময়তেও নকভিই পাক ক্রিকেটের চেয়ারম্যান ও এসিসি সভাপতি ছিলেন। এর প্রধান কারণ ছিল, পহেলগাওঁ জঙ্গি হামলা। এর পরপরেই পুরুষদের দল এশিয়া কাপ খেলতে গিয়েছিল।
তবে তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে কি না, সেই বিষয়টি নির্ভর করছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের উপরেই। টুর্নামেন্টে যদি ভারতীয় মহিলা দল জেতে, এবং যদি নকভি ট্রফি দেওয়ার মঞ্চে থাকেন, তাহলে কী করা হবে, সেই বিষয়ে বিসিসিআই এখনও কিছু জানায়নি। যদিও এই এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। দিন দুয়েক আগেই দুবাইতে মুখোমুখি হয়েছিল ভারত-পাক। প্রথমে ব্যাট করে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। এরপর মাত্র ৯ ওভারের মধ্যে ৭ উইকেটের বিশাল জয় পায় টিম ইন্ডিয়া।
এর ফলে একটিও ম্যাচে না হেরে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে টিম ইন্ডিয়া। ৮ দলের এই মহিলা এশিয়া কাপে এখনও অপরাজিত রয়েছে ভারত। তবে যেহেতু মহিলা এশিয়া কাপ এসিসি পরিচালিত একটি টুর্নামেন্ট, তাই এসিসি সভাপতি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার অধিকার আছে নকভির। কিন্তু ভারত ভাল ফর্মে থাকার কারণেই বিতর্কের আঁচ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
