SIR in Bengal: চূড়ান্ত তালিকায় নাম থাকলেও ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার নিয়ে হতে পারে সংশয়
West Bengal SIR: কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার এমন ভোটার রয়েছেন। কিন্তু এরা কারা? কমিশন বলছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি রয়েছে কিন্তু যাচাই হয়নি। কিংবা যাচাই হয়েছে কিন্তু পুনর্বিবেচনা প্রয়োজন। এককথায়, যে সকল ভোটারদের এখনও নিষ্পত্তি হয়নি, তাঁদেরও চূড়ান্ত তালিকায় জায়গা দেবে কমিশন। কিন্তু অমীমাংসিত হিসাবে। যার জেরে বাড়ছে সংশয়।

কলকাতা: রাজ্য়ে মোট ভোটার ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। চূড়ান্ত তালিকায় নাম থাকতে পারে ৭ কোটি ৮ লক্ষ। অর্থাৎ বাদ পড়বে ৫৮ লক্ষ। এই সংখ্য়া পরিচিত। মাস কতক আগে প্রকাশিত খসড়া তালিকা থেকেও বাদ গিয়েছিল ৫৮ লক্ষ ভোটারের নাম। তা হলে চূড়ান্ত তালিকায় কোনও বদলের প্রয়োজন নেই কমিশনের? তা ঠিক নয়। বদলের ছবিটা আসলেই অস্পষ্ট।
কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকায় সকলের নাম থাকবে, তবে তিনটি বিভাগে। ১) অ্যাপ্রুভড বা অনুমোদনপ্রাপ্ত ভোটার ২) অমীমাংসিত ভোটার ৩) বাদ পড়া ভোটার
সমস্যা এখানেই। অনুমোদন পেয়ে গিয়েছেন, এমন ভোটারদের নিয়ে কোনও জট নেই। জট নেই বাদ পড়াদের নিয়েও যদি না কারণ অস্পষ্ট হয়। বাংলার এসআইআর-এর চূড়ান্ত অধ্যায়ে আসলেই জট তৈরি হয়েছে এই অমীমাংসিত ভোটারদের নিয়েই। কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার এমন ভোটার রয়েছেন। কিন্তু এরা কারা? কমিশন বলছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি রয়েছে কিন্তু যাচাই হয়নি। কিংবা যাচাই হয়েছে কিন্তু পুনর্বিবেচনা প্রয়োজন। এককথায়, যে সকল ভোটারদের এখনও নিষ্পত্তি হয়নি, তাঁদেরও চূড়ান্ত তালিকায় জায়গা দেবে কমিশন। কিন্তু অমীমাংসিত হিসাবে। যার জেরে বাড়ছে সংশয়।
তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন, “নির্বাচন কমিশন ভাবুক ওরা নির্যাতন কমিশন হবে, কৃতদাস কমিশন হবে নাকি বিজেপি কমিশন হবে। বাংলার মানুষকে হয়রানির মুখে ফেলছে। ওরা যতই বিভাগ তৈরি করুক, আগে ওদের বলতে ওরা কোন ক্যাটাগরিভুক্ত দালাল। কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে রাস্তায় যেমন আন্দোলন হবে, তেমনই তৃণমূল আদালতেও বুঝে নেবে।” অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির দাবি, “মমতা বন্দ্যোপাধ্য়ায় সুপ্রিম কোর্টে গিয়ে যে কাণ্ড করে এলেন, তার ফলে অনেকগুলো তালিকা বেরবে। ২৮ তারিখ চূড়ান্তটা বেরবে। এখানেও অনুপ্রবেশকারীর সংখ্যা প্রকাশ্যে আসবে। কমিশন সব তালিকা আগে বের করুক।”
কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। এই সংশয় ভোটাধিকার নিয়ে। সামনে নির্বাচন, তার আগে ৬০ লক্ষ ভোটার কার্যত ঝুলে। ভোটাধিকার কি প্রয়োগ করতে পারবেন তাঁরা? আর ভোটাধিকার প্রয়োগ করার পর যদি জানা যায় সেই ৬০ লক্ষ আসলেই বাদ পড়ার যোগ্য, সেই দায় কার? এই সব নিয়েই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। আর যদি ৬০ লক্ষ নামই বাদ চলে যায়, সেক্ষেত্রে মোট বাদ পড়ার সংখ্য়া দাঁড়াচ্ছে ১ কোটি ১৮ লক্ষ। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, বুধবার জৈনদের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, “এসআইআর চলছে অনেকের নাম বাদ গিয়েছে। গান্ধিজীর অহিংসার কথা মনে রাখুন। সত্যের জয় হোক। আমি না ধরলে এক কোটি ২০ লাখ নাম বাদ যেত।” তা হলে ইঙ্গিত কি সেই ৬০ লক্ষের দিকে? সর্বোপরি কমিশন, তাঁরা আশ্বাস দিয়েছেন, আপাতত অমীমাংসিত ভোটার ভোট দিতে পারবেন। ভোটের দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন। সেই তালিকা ভিত্তিতে ঠাওর করা যাবে অমীমাংসিত থেকে কারা বৈধ হলেন, কারা অবৈধ।
