Narendra Modi: নরেন্দ্র মোদীর ডাককে উপেক্ষা নয়, শাহরুখ-সৌরভদের সঙ্গে বৈঠক পিছিয়ে দিল BCCI
BCCI: আইপিএলের ২০তম সংস্করণের আগে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজিগুলির মালিক ও কর্মকর্তাদের পাশাপাশি এই বৈঠকে থাকবেন আয়োজক রাজ্যগুলির ক্রিকেট কর্তারাও। সেই সুবাদেই থাকার কথা কেকেআরের মালিক শাহরুখ খান ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

নয়াদিল্লি: আইপিএল ২০২৭-এর জন্য গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা করেছিল বিসিসিআই। এই বৈঠকে থাকার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খানের। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আগামীকাল, ১৫ অক্টোবর বৃহস্পতিবার মুম্বইয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিক, সিইও, আয়োজক রাজ্যের ক্রিকেট সংস্থা ও সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বসার কথা ছিল বোর্ডের। কিন্তু মঙ্গলবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই বৈঠক স্থগিত করে দিয়েছেন।
কেন স্থগিত করা হল বৈঠক?
১৫ অক্টোবর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে তাঁর বাসভবনে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে সোনার পদকজয়ী ভারতীয় পুরুষ ও মহিলা ক্রীড়াবিদদের সম্মান জানাবেন প্রধানমন্ত্রী। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদেরও সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিসিসিআইয়ের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ১৫ অক্টোবর ২০২৬ এ যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটি স্থগিত রাখা হয়েছে। কারণ, আগামীকাল ২০তম এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ও মহিলা দলের অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রধানমন্ত্রী ১৫ অক্টোবর তাঁদের সংবর্ধনা দেবেন। সেই অনুষ্ঠানে বিসিসিআই কর্তাদের থাকা আশু প্রয়োজন। শুধু তাই নয়, একাধিক স্টকহোল্ডারও দিনটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তাই সব দিক বিবেচনা করেই এই দিনটি পেছানো হয়েছে।
কবে হবে বৈঠক?
বৈঠক স্থগিত করা হলেও কবে আবার বৈঠক হবে, এই বিষয়ে কিছু বলা হয়নি বিসিসিআইয়ের তরফে। পরে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে। আইপিএলের ২০তম সংস্করণের আগে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজিগুলির মালিক ও কর্মকর্তাদের পাশাপাশি এই বৈঠকে থাকবেন আয়োজক রাজ্যগুলির ক্রিকেট কর্তারাও। সেই সুবাদেই থাকার কথা কেকেআরের মালিক শাহরুখ খান ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় দল মোট ৮৫ পদক (যার মধ্যে ২১টি সোনা) জিতে মেডেল তালিকায় ৪ নম্বরে শেষ করেছে ভারত। প্রতিযোগিতার শুরুতে ধীরে শুরু করলেও পরে একাধিক গেমসে মেডেল পেয়েছে ভারত। এই প্রতিযোগিতায় বেশ কিছু দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে, যার মধ্যে কুস্তি, তিরন্দাজি, বক্সিংয়ে ভাল ফল করেছে ভারত। একই সঙ্গে ক্রিকেটে পুরুষ ও মহিলা – দুই বিভাগেই সোনা পেয়েছে ভারতীয় দল। ভারোত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে মীরাবাঈ চানু রুপো জিতে এশিয়ান গেমসে ভারতের ২৮ বছরের পদকের খরার সমাপ্তি ঘটিয়েছেন।
